লাঞ্চের আগে বাংলাদেশ দুবার ব্রেকথ্রু পেলেও প্রতিরোধ গড়ে ওয়েস্ট ইন্ডিজ শক্ত অবস্থানে পৌঁছে গেছে। দেড়শ ছাড়িয়েছে তাদের লিড, কাভেম হজ ও কেভিন উইকহ্যামের জুটিতে হাঁটছে বড় সংগ্রহের পথে।
১১৯ রান উঠার পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় উইকেটের পতন হয়েছিল। ৩৬ রান করা জশুয়া ডা সিলভাকে তাইজুল ইসলাম ও ৬১ রান করা ব্রান্ডন কিংকে ফিরিয়ে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে ব্রেকথ্রু দেন। এরপর প্রতিরোধ গড়েন হজ ও উইকহ্যাম।
বাংলাদেশ তাদের জুটি ভাঙতেই পারছে না। হজ এরইমধ্যে হাফসেঞ্চুরি করে ফেলেছেন, উইকহ্যামও সে পথেই হাঁটছেন। এই প্রতিবেদন লেখার সময় ২ উইকেটে তারা ব্যাট করছেন ১৮৮ রান নিয়ে। হজ ৫১ ও উইকহ্যাম ৩৮ রান নিয়ে অপরাজিত। তাদের লিড দাঁড়িয়েছে ১৫৮।
গতকাল বাংলাদেশ তাওহীদ হৃদয়ের বীরত্বসূচক ইনিংসে দিনটিকে নিজেদের করে নিয়েছিল। টাইগারদের ৩৮৬ রান করার দিনে হৃদয় একাই করেন ২৪২। এই পথে হৃদয় ভাঙেন অনেকগুলো রেকর্ড। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস, ইনিংসে সর্বোচ্চ ছক্কা, এক দিনে সর্বোচ্চ রান; সবই এখন তার দখলে। বাংলাদেশি হিসেবে প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার হিসাবেও হৃদয় প্রথম।
বাংলাদেশের হয়ে এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ছিল মুশফিকুর রহিমের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা তার ২১৯ রানের রেকর্ড ইনিংস হৃদয় ভেঙে দেন জোমেল ওয়ারিক্যানকে চার হাঁকিয়ে। শেষ পর্যন্ত ২৪২ রানে অপরাজিত থাকেন তিনি।
এই ইনিংসে হৃদয় ছক্কা মেরেছেন ১১টি। বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি তামিম ইকবালের, বর্তমান বিসিবি বস ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ৭ ছয় মেরেছিলেন।
গতকাল ২৯ রান নিয়ে অপরাজিত থাকা আজ করেছেন ২১৩ রান। এক দিনে সর্বোচ্চ রান করার আগের রেকর্ডটি সাকিব আল হাসানের। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে সাকিব করেছিলেন ২১২ রান।

