পরীমণিকে ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার চিত্রনায়িকা পরীমণিকে এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত চত্বরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে পরীমণিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে চলচ্চিত্র, ভিডিও কিংবা অন্য কোনো মাধ্যমে অশালীন বক্তব্য, হুমকি, অশোভন অঙ্গভঙ্গি অথবা শৈল্পিক ও শিক্ষামূলক মূল্যহীন নগ্নতা ও অরুচিকর নাচ-গানের মতো কর্মকাণ্ড থেকে ভবিষ্যতে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া নোটিশ হাতে পাওয়ার সাত দিনের মধ্যে পরীমণিকে কারণ দর্শানোর নোটিশ জারি এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ে ব্যবস্থা না নেয়া হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার কথাও নোটিশে জানানো হয়েছে।

নোটিশের বিবরণ অনুযায়ী, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন শামসুন্নাহার স্মৃতি, যিনি পরীমণি নামে পরিচিত। বেলা ১১টা ৪০ মিনিটে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকরা তার ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এতে আরও অভিযোগ করা হয়, ওই সময় পরীমণি ‘সমকাল’-এর মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মোবাইল ফোন নিয়ে নেন এবং তার সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা প্রতিবেদকের ভিডিও ধারণের ট্রাইপড ভেঙে ফেলেন। ঘটনাটিতে ‘জাগো নিউজ’-এর প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া রিপোর্টার আবদুল্লাহ আল কাউছার, ‘আগামীর সময়’-এর প্রতিবেদক সিয়াম হোসেন এবং ‘টাইমস টুডে’-এর শাহ রিয়াজ আহত হন। এ ছাড়া সুজন চন্দ্র মণি দাস নামের এক বিচারপ্রার্থীর মাথা ফেটে রক্তপাতের ঘটনাও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়।

নোটিশে আরও বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে সবার নিরাপত্তা বজায় রাখা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সঙ্গে রেখে শক্তি প্রদর্শন কিংবা আদালতের পরিবেশ নিজের নিয়ন্ত্রণে নেয়ার অধিকার কারও নেই।

নোটিশের অভিযোগ অনুযায়ী, পরে আদালত থেকে বের হওয়ার সময় পরীমণি সাংবাদিক রবিউল হোসাইনের দিকে তেড়ে যান। রবিউলের ডান হাত জন্মগতভাবে অসম্পূর্ণ—বাঁ হাতের তুলনায় ছোট এবং তিনটি আঙুল নেই। এ সময় পরীমণি তাকে উদ্দেশ করে ‘এদিকে আয়, আমার হাত এভাবে ধরলি কেন?’ বলে গালিগালাজ করেন এবং ‘তোকে পিষে মেরে ফেলব’ বলে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। ঘটনাটির ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে।

একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ তার পেশাগত সম্মান ক্ষুণ্ন করার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য উদ্বেগজনক হুমকি বলে নোটিশে মন্তব্য করা হয়েছে। একজন চলচ্চিত্রশিল্পীর কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলেও এতে উল্লেখ করা হয়।

এ ছাড়া নোটিশে অভিযোগ আনা হয়েছে, গত ৬ নভেম্বর পরীমণি তার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে সংগীতের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করে একটি অশালীন পোস্ট প্রকাশ করেন। এসব ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী নেতিবাচক প্রতিক্রিয়া ও সমালোচনা করেছেন।

শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পৃথক অভিযানে ৯০ পিস ই-সিগারেট/ভেপসহ প্রায় ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য...

নামের মিলের কারণে ১০ মাস কারাবাস, নিরপরাধ আলমাসের মুক্তির নির্দেশ

অস্ত্র মামলায় নামের মিলের কারণে কারাগারে থাকা নিরাপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দশ মাস ধরে জেলে খাটছেন ভুক্তভোগী আলমাস।রোববার (৮...

২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষার্থীদের বয়স, সক্ষমতা ও শিখন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৮ সালের নতুন কারিকুলামে একটি শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব...

‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে মোবাইল ফোন চুরির অভিযোগ

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে জয়পুরহাটের কালাইয়ে জড় হয়েছিলেন হাজারো দর্শক। এই বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে দর্শকদের দুই শতাধিক মোবাইল ফোন চুরির...

নেত্রকোনায় দেশীয় মাছের সরবরাহ বাড়লেও দাম চড়া, মধ্যবিত্তের ভরসা চাষের মাছেই

নেত্রকোনায় বাজারে বেড়েছে দেশীয় মাছের সরবরাহ। তবে সরবরাহ বাড়লেও কমেনি দাম। হাওর, নদী ও বিলের মাছের চড়া দামে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। ফলে মধ্যবিত্তের...