২০২১ সালে ‘নো টাইম টু ডাই’সিনেমায় সর্বশেষ ‘জেমস বন্ড’ চরিত্রে ধরা দিয়েছিলেন হলিউড অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। এবার সিনেমাটির নতুন পর্বে ‘জেমস বন্ড’ হিসেবে ধরা দেয়ার কথা রয়েছে তারকা জগতের নতুন মুখ। আর এমন পরিস্থিতিতেই শোবিজ দুনিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউড অভিনেতা হৃতিক রোশন হতে যাচ্ছেন হলিউডের আইকনিক চরিত্র ‘জেমস বন্ড’র নতুন মুখ।
ব্রিটিশ সিক্রেট ইনটেলিজেন্স সার্ভিস MI6 এর সদস্য জেমস বন্ড। হলিউডের জনপ্রিয় এই গোয়েন্দা চরিত্রে কোন অভিনেতা অভিনয় করবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা। সম্ভাব্য বন্ড হিসেবে আলোচনায় উঠে এসেছে ক্যালাম টার্নার, জ্যাক লোডেন, জশ ও’কনর, অ্যারন টেলর–জনসন, জ্যাকব এলর্ডি, থিও জেমস, রবার্ট প্যাটিনসন, নিকোলাস হল্ট, ক্যালাম টার্নার, হ্যারি স্টাইলস, জ্যাক লোডেনের মতো অভিনেতাদের নাম। তবে সিনেমাটি নির্মাণের মোড় ঘুরিয়ে দিয়েছে বলিউড অভিনেতা হৃতিক রোশনের নাম।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত ৭ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ১৫তম বার্ষিক LACMA গালাতে প্রথম মূলধারার ভারতীয় অভিনেতা হিসেবে যোগ দেন হৃতিক। অনুষ্ঠানে কাস্টম-মেড কালো স্যুটে তার ড্যাশিং লুক দেখে ভক্তরা তার মাঝে ‘জেমস বন্ড’-এর প্রতিচ্ছবি খুঁজে পান।
হৃতিকের ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় করার গুঞ্জন আরও জোরালো হয় অস্কারজয়ী হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান এবং বিখ্যাত সিনেমা ‘ডিউন’ (Dune)-এর পরিচালক ডেনিস ভিলনভ-এর সাথে আড্ডা ও ছবি তোলার মুহূর্ত নেটদুনিয়ায় প্রকাশ্যে আসার পর।
হলিউডে গুঞ্জন চলছে, পরবর্তী জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করার দায়িত্বে থাকতে পারেন এই ডেনিস ভিলনভই। তাই হৃতিক ভক্তরা আশা করছেন ‘০০৭’ চরিত্রে এবার ধরা দিতে পারেন ভারতীয় এ তারকা।
এদিকে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে হৃতিক রোশনের ২০০২ সালের একটি পুরনো মন্তব্য। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নায়ক এক সাক্ষাৎকারে রসিকতার ছলে বলছেন, ‘আমিই হতে পারি সেরা জেমস বন্ড’।
জানা গেছে, ‘জেমস বন্ড’ চরিত্রে অভিনয় চূড়ান্ত হওয়ার জন্য সম্ভাব্য অভিনেতাদের স্ক্রিন টেস্ট চলছে। আর এ স্ক্রিন টেস্টে হৃতিক যুক্ত রয়েছেন কিনা তা এখনো জানা যায়নি। এ প্রজেক্ট নিয়ে অফিশিয়ালভাবে কোনো মন্তব্যও করেননি হৃতিক।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরেই নায়ক চূড়ান্ত হলে ২০২৭ সালে শুরুতে শুরু হবে নতুন ‘জেমস বন্ড’-র শুটিং। এরপর ২০২৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিশ্বখ্যাত সিরিজটি।

