অবশেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জিরো কস্ট বা শূন্য অভিবাসন ব্যয়ে মালেয়শিয়া যাচ্ছেন ১১২ কর্মী। যাদের মেডিকেল পরীক্ষা, ভিসা ফি, ইন্স্যুরেন্স এবং বিমান টিকিটসহ সব খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
বোয়েসেল বলছে, এই প্রক্রিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত ডিমান্ড লেটার এসছে ৫৫৮ জনের। জিরো কস্টে মালয়েশিয়া যাওয়ার এই সুযোগ নিতে যেন কোনো ব্যয় করতে না হয় সেদিকে নজরদারি বাড়ানোর দাবি উঠেছে।
একের পর এক এমন দিন তারিখ আর কর্মী পাঠানোর সংখ্যা ঘোষণায় যখন মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ধোঁয়াশায় বেসরকারি রিক্রুটিং এজেন্সি মালিক, প্রবাসগামীরা তখন আগামী মাসের প্রথম সপ্তাহে দেশটিতে শ্রমিক পাঠানোর কাজ এগিয়ে নিচ্ছে সরকারিভাবে জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান বোয়েসেল। লটারির মাধ্যমে নির্বাচিত ৩০০ জনের মধ্যে প্রথম ১১২ জন মালয়েশিয়া যাচ্ছেন ডিসেম্বরের শুরুতে।
এদিকে, দালালদের দৌরাত্ম্যের দিকে বিশেষ নজর দেয়ার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। অনিয়ম হলে বেসরকারি খাত সুযোগ পাওয়ার আগেই শ্রমবাজারটি ফের বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হবে বলে সতর্কতা তাদের।

