ইসরায়েলে শপথ নিয়েছে ২৬তম পার্লামেন্ট (নেসেট)। তবে নির্বাচনের দুই সপ্তাহ পার হয়ে গেলেও সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষই, না বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট, না বিরোধী নেতা গাদি আইজেনকটের জোট। ফলে নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকছেন নেতানিয়াহুই।
ইসরায়েলি আইন অনুযায়ী, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত বিদায়ী সরকারই রাষ্ট্র পরিচালনা করে। ফলে অন্তর্বর্তীকালীন মেয়াদেও সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির মূল সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ নিয়োগের পূর্ণ ক্ষমতা নেতানিয়াহুর হাতেই থাকছে। এমনকি দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’-ও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করবে।
তবে একক সিদ্ধান্তে নতুন কোনো যুদ্ধ শুরুর ক্ষমতা নেতানিয়াহুর নেই; এর জন্য মন্ত্রিসভার অনুমোদন আবশ্যক। বিশ্লেষকদের আশঙ্কা, ইরান ও লেবানন পরিস্থিতির উত্তেজনাকাজে লাগিয়ে সামরিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করতে পারেন তিনি। এছাড়া, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি নতুন আইন পাস করিয়ে চলমান দুর্নীতির বিচার থেকে রেহাই পাওয়ার সুবিধা পাবেন না।
রোববার (৮ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব দিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকটকে। এজন্য তাকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। বর্তমানে ৪৮ আসন পাওয়া আইজেনকটের জোটে সরকার গঠনের জন্য আরব-ইসরায়েলি আইনপ্রণেতাদের (১৯টি আসন) কিংবা ১৩টি আসন পাওয়া কট্টর ইহুদি দলগুলোর সমর্থন প্রয়োজন। তবে আরব দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠনের বিরোধিতা করছেন বিরোধী নেতা আভিগদর লিবারম্যান। বিরোধী জোটের এই বিভক্তিকে কাজে লাগানোর পাশাপাশি পরবর্তী সরকারের ওপর আর্থিক চাপ সৃষ্টির চেষ্টা করছেন নেতানিয়াহু।
এদিকে জেরুজালেমে আয়োজিত শপথ অনুষ্ঠানে ১২০ জন সদস্য শপথ গ্রহণ করেন, যার মধ্যে ৪৬ জনই নতুন মুখ। বিশেষ করে আইজেনকটের ‘ইয়াশার পার্টি’র ২১টি আসনের ১৫টিতেই এসেছেন নতুন সদস্য। নতুন পার্লামেন্টে নারী প্রতিনিধিত্বও বেড়েছে; এবার ৩৩ জন নারী সদস্য দায়িত্ব পালন করবেন। বিরোধীরা ইতিমধ্যে নতুন পার্লামেন্টে সাম্প্রতিক নিরাপত্তা ব্যর্থতার তদন্তে কমিশন গঠনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে।

