চলমান ইরান যুদ্ধ শেষ করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আগামী ১৮ থেকে ১৯ নভেম্বর চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেক-এর সদস্য সংখ্যা ২১। অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র জোটটির সদস্য। এবারের সম্মেলনে স্বাগতিক চীনা প্রেসিডেন্টের পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট যোগ দিতে পারেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার মনে হয়, প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শি-র সঙ্গে আমার একটি বৈঠক হবে। আর সেটি বেশ আকর্ষণীয় হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ নানা বিষয়ে আলোচনা করব। ইরানে চলমান যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছি এবং আমরা ভালোভাবেই এগোচ্ছি; কারণ আমরা তাদের সব সরবরাহ পথ অবরুদ্ধ করে ফেলেছি।’
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের ‘অপারেশন আয়রন গেট’-এর লক্ষ্য হলো ইরানের স্থলপথের সরবরাহ ব্যবস্থা ব্যাহত করা। যেটি বর্তমানে কার্যকর রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘এর অর্থ হলো, স্থলপথে কোনো কিছুই ভেতরে ঢুকতে পারছে না। এ ছাড়া আগে থেকেই কার্যকর নৌ-অবরোধের কারণে জলপথেও কোনো কিছু প্রবেশ করতে পারছে না।’
এদিকে আলোচনায় অগ্রগতি হলে নতুন করে ইরানে হামলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার বিষয়ে অগ্রগতি হলে, নতুন করে যুদ্ধে জড়ানোর নির্দেশ দেয়ার সম্ভাবনা ‘খুবই কম’।
সিএনএন-এর জিম সিউট্টোর সঙ্গে ২০ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি নির্ভর করছে তারা একটি অত্যন্ত শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করবে কি না তার ওপর। আমার মনে হয় না যে যুদ্ধের প্রয়োজন হবে—এমন সম্ভাবনা খুবই কম।’

