বিদেশি কর্মীদের জন্য সুখবর | Kontho

বিদেশি কর্মীদের জন্য সুখবর

বিদেশি কর্মীদের জন্য সুখবর

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিতর্কিত এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি দ্বিতীয়বারের মতো স্থগিত করেছেন দেশটির একজন ফেডারেল বিচারক। উচ্চ দক্ষতার বিদেশি কর্মীদের জন্য নির্ধারিত এই ফি নিয়ে আইনি লড়াইয়ের মধ্যে এই রায় এলো।

ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের মার্কিন জেলা জজ হেউড গিলিয়াম রায়ে বলেছেন, ট্রাম্পের এই ফি কার্যকরের আগে প্রয়োজনীয় নিয়মকানুন তৈরির প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এবং স্টেট ডিপার্টমেন্ট। ডেমোক্র্যাট দলীয় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগ করা বিচারক গিলিয়াম, ইউনিয়ন, নিয়োগকর্তা এবং অলাভজনক প্রতিষ্ঠানের একটি জোটের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। অক্টোবরে দায়ের করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ফি কার্যকরের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর রয়টার্সের।

এর আগে জুনে বোস্টনের একজন ফেডারেল বিচারক ২০টি অঙ্গরাজ্যের করা আলাদা এক মামলায় এই ফি সাময়িকভাবে স্থগিত করেছিলেন। এরপর জুলাই মাসে বোস্টনভিত্তিক একটি আপিল আদালত সেই সিদ্ধান্ত বহাল রাখে।