বিদেশিদের স্থায়ী বসবাসের অনুমতির ফি ২০ গুণ বাড়িয়েছে জাপান। নতুন নিয়মে এখন থেকে স্থায়ী বসবাসের অনুমতির জন্য ২ লাখ ইয়েন (প্রায় ১ হাজার ২৭০ ডলার) ফি দিতে হবে। একই সঙ্গে আবেদনকারীদের আয়, পেনশন ও জাপানি ভাষা দক্ষতার ক্ষেত্রেও নতুন শর্ত পূরণ করতে হবে।
ফি বাড়ানোর আগে আবেদন করতে চাওয়া বিদেশিদের ভিড় দেখা গেছে দেশটির অভিবাসন দপ্তরগুলোর সামনে। এই সপ্তাহের শুরুতে টোকিওর প্রধান অভিবাসন দপ্তরে আবেদনকারীদের সাত ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন সরকারের অভিবাসন নীতিতে ধারাবাহিক পরিবর্তনের অংশ হিসেবে এই ফি বাড়ানো হয়েছে। এর অন্যতম লক্ষ্য জাপানে দ্রুত বাড়তে থাকা বিদেশি জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা।
এর আগে জুলাইয়ে সব বিদেশির জন্য ভিসা ফি পাঁচ গুণ বাড়িয়েছে জাপান। গত ৫০ বছরে এটিই ছিল দেশটির প্রথম ভিসা ফি বৃদ্ধি। কর্তৃপক্ষ জানিয়েছে, মূল্যস্ফীতি ও বিনিময় হারের ওঠানামার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
