অভিযানেও প্রধান সড়কে ঠেকানো যাচ্ছে না ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল, সমাধান কোথায়?

কিছুদিন পরপরই রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়। চলে অভিযান, জব্দ করা হয় অটোরিকশা, করা হয় জরিমানা। এরপরও প্রধান সড়কগুলোকে পুরোপুরি অটোরিকশামুক্ত করা সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে শুধু অভিযান চালানোই যথেষ্ট নয়। নিয়ন্ত্রণে আনতে হবে এসব তিন চাকার যানবাহনের উৎপাদনও।


রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার প্রবেশ ঠেকাতে তৎপর ট্রাফিক পুলিশ। তবে পুলিশের বাধা এড়িয়ে কাছাকাছি অন্য পয়েন্ট দিয়ে ঠিকই প্রধান সড়কে ঢুকে পড়ছে একের পর এক অটোরিকশা। ফলে পুলিশের চেষ্টা সত্ত্বেও সড়কগুলোকে এসব যানবাহনের দৌরাত্ম্যমুক্ত রাখা যাচ্ছে না।


ব্যস্ত সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল অনেক সময় অন্য যানবাহনের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। প্রাইভেট কার, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পাল্লা দিয়ে চলার সময় সুযোগ পেলেই লেন পরিবর্তন করছে এসব যান। প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানোও চলছে। প্রশিক্ষণ ও লাইসেন্স ছাড়াই অনেক চালক যান চালানোয় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। এতে অন্য যানবাহনের গতি কমার পাশাপাশি কোথাও কোথাও ঘটছে দুর্ঘটনা, বাড়ছে যানজট।


এ পরিস্থিতি সামাল দিতে সরকারের সিদ্ধান্ত, ব্যাটারিচালিত অটোরিকশা প্রধান সড়কে চলতে পারবে না। এসব যান চলবে অভ্যন্তরীণ সড়ক ও গলিতে। তবে চালকদের যুক্তি, এসব সড়কে যাত্রী কম থাকায় আয়ও কম হয়। তাই বেশি আয়ের আশায় যাত্রীর চাহিদা অনুযায়ী তারা প্রধান সড়কে ওঠেন।


এক অটোরিকশাচালক বলেন, ‘প্রধান সড়কে না উঠলে কোনো ট্রিপের ভাড়াও পাওয়া যায় না। কিছু কিছু জায়গায় না উঠলেও চলে না। যেমন রাস্তা পার হতে হয়।’


সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান সড়কে অটোরিকশা চলাচলের সুযোগ নেই। কিন্তু বাস্তবে সুযোগ পেলেই এসব যান উঠে পড়ছে মূল সড়কে। তাই প্রশ্ন উঠছে, চালকেরা কেন বারবার প্রধান সড়কে উঠছেন, শুধু সেটিই নয়; যে ব্যবস্থা দিয়ে তাদের চলাচল ঠেকানোর চেষ্টা করা হচ্ছে, তা কেন স্থায়ীভাবে কার্যকর হচ্ছে না?


অটোরিকশার মালিক ও শ্রমিক নেতারা বলছেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের আগে এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। বাস্তবতা বিবেচনায় না নিয়ে সিদ্ধান্ত কার্যকর করলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে।


বাংলাদেশ ব্যাটারিচালিত ইজি বাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘মূলত আমরা বড় সড়কে উঠতে চাই না। সিটি করপোরেশন যদি আটটি ভাগে ভাগ করে দেয়, তাহলে এক রাস্তা পার হয়ে অন্য রিকশায় উঠতে হবে। মানুষের সঙ্গে ব্যাগ-বস্তা থাকতে পারে, বাজারের ব্যাগ থাকতে পারে। এক রিকশা থেকে নেমে আরেক রিকশায় ওঠা কি সম্ভব? আমরা বলেছি, এভাবে না করে দুই সিটি করপোরেশনের এলাকা দুই ভাগে ভাগ করে দেয়া হোক।’


সংগঠনটির সভাপতি মো. আবু বক্কর বলেন, ‘সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্যাটারিচালিত যানবাহনের এত বড় একটি খাতের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে অন্তত বসে আলোচনা করা উচিত ছিল।’


অন্যদিকে, বিশেষজ্ঞরা বলছেন, সড়কে অভিযান চালানোর পাশাপাশি অনুমোদনহীন যানবাহন তৈরির উৎস বন্ধ করতে হবে। উৎপাদন নিয়ন্ত্রণ করা গেলে ধীরে ধীরে সড়কে এসব যানবাহনের সংখ্যাও কমানো সম্ভব হবে।


যোগাযোগ বিশেষজ্ঞ কাজী সাইফুর নেওয়াজ বলেন, ‘উৎস থেকেই এসব নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া উচিত, যাতে সড়কে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা কমে আসে। সড়কে এসব যান কমে গেলে পুলিশের পক্ষেও নিয়ন্ত্রণ করা সহজ হবে। এখন ইচ্ছেমতো এসব যান তৈরি করা যাচ্ছে, ইচ্ছেমতো ব্যাটারি আমদানি হচ্ছে। ফলে পুলিশ ও অটোরিকশাচালকদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে। এভাবে টেকসই সমাধান সম্ভব নয়। উৎস থেকেই এটি বন্ধ করতে হবে।’


ব্যাটারিচালিত রিকশাকে লাইসেন্সের আওতায় আনা এবং চালকদের দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন এই বিশেষজ্ঞ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

নামের মিলের কারণে ১০ মাস কারাবাস, নিরপরাধ আলমাসের মুক্তির নির্দেশ

অস্ত্র মামলায় নামের মিলের কারণে কারাগারে থাকা নিরাপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দশ মাস ধরে জেলে খাটছেন ভুক্তভোগী আলমাস। রোববার (৮...

২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শিক্ষার্থীদের বয়স, সক্ষমতা ও শিখন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৮ সালের নতুন কারিকুলামে একটি শিখনফলভিত্তিক ও শিশুবান্ধব...

‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে গিয়ে মোবাইল ফোন চুরির অভিযোগ

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে জয়পুরহাটের কালাইয়ে জড় হয়েছিলেন হাজারো দর্শক। এই বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে দর্শকদের দুই শতাধিক মোবাইল ফোন চুরির...

নেত্রকোনায় দেশীয় মাছের সরবরাহ বাড়লেও দাম চড়া, মধ্যবিত্তের ভরসা চাষের মাছেই

নেত্রকোনায় বাজারে বেড়েছে দেশীয় মাছের সরবরাহ। তবে সরবরাহ বাড়লেও কমেনি দাম। হাওর, নদী ও বিলের মাছের চড়া দামে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। ফলে মধ্যবিত্তের...

সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা

কয়েক দিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজে ফিরেছেন শ্রমিকরা।  রোববার (৮ নভেম্বর) এসব শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতিতে উৎপাদন...