বিশ্ব মঞ্চে বরেন্দ্রর খরা ও পানির সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর

জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রথমবারের মতো নওগাঁ থেকে প্রতিনিধিত্ব  করছেন তরুণ জলবায়ু কর্মী মো. মামুনুর রেজা।

আন্তর্জাতিক এ শীর্ষ সম্মেলনে বিশ্বনেতাদের সামনে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্র এলাকার তীব্র খরা, পানির সংকট ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন সংগ্রামের চিত্র তুলে ধরবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় আজ থেকে শুরু হচ্ছে  জাতিসংঘের এই জলবায়ু সম্মেলনের ৩১তম আসর। 

যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, পরিবেশবিদ ও উন্নয়ন কর্মীদের পাশাপাশি অংশ নেবেন প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিনিধিরা। মূল অধিবেশনের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পার্শ্ব বৈঠকেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে মামুনুরের।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী দীর্ঘদিন ধরে পরিবেশ আন্দোলন ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তিনি নওগাঁভিত্তিক যুব সংগঠন ‘ভয়েস‘-এর প্রতিষ্ঠাতা এবং পরিবেশ বিষয়ক জাতীয় সংগঠন ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর প্রচার সমন্বয়ক হিসেবে কাজ করছেন।

খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে বেড়ে ওঠার কারণে তীব্র পানির সংকট, প্রখর তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত আর কৃষিতে তার বিরূপ প্রভাব খুব কাছ থেকে দেখেছেন মামুনুর রেজা। সেই বাস্তব অভিজ্ঞতা থেকেই আন্তর্জাতিক অঙ্গনে নিজের অঞ্চলের মানুষের লড়াই আর দাবির কথা জানান দেওয়ার তাগিদ অনুভব করেন তিনি।

আসন্ন সম্মেলনে মূলত জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি ও লোকসান এবং প্রকৃতিভিত্তিক সমাধানের ওপর জোর দিতে চান এ তরুণ।

মামুনুর রেজা বলেন, শুধু কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়ে জলবায়ু সংকটের সমাধান সম্ভব নয়। বরেন্দ্র অঞ্চলের মতো অতিঝুঁকিপূর্ণ এলাকার মানুষের সুরক্ষা, অভিযোজন সক্ষমতা বাড়ানো এবং জলবায়ু তহবিলের সুনির্দিষ্ট বরাদ্দ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের বিষয় তুলে ধরে তিনি আরও বলেন, অনুদানের বড় একটি অংশই প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কাজে খরচ হয়ে যায়। কিন্তু মাঠে থাকা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে তা পৌঁছায় না। বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তা মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ন্যায্য ও পর্যাপ্ত অর্থায়ন আদায়ে জোরালো দাবি তোলা দরকার।

সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের মাঠপর্যায়ের তথ্য-উপাত্ত ও চিত্র সংকলন করে তা বাংলাদেশের সরকারি প্রতিনিধি দলের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার, যাতে আন্তর্জাতিক আলোচনার টেবিলে স্থানীয় বাস্তবতা যথাযথভাবে তুলে ধরা যায়।

সম্মেলন থেকে ফিরে সেই অভিজ্ঞতা ও দিকনির্দেশনা  নওগাঁসহ পুরো বরেন্দ্র অঞ্চলের তরুণদের মাঝে ছড়িয়ে দিয়ে জলবায়ু সুরক্ষায় নতুন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন মামুনুর।

সারের ডিলার নিয়োগ বাতিলের তথ্য সত্য নয় : কৃষি মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।সোমবার (০৯ নভেম্বর) এক সংবাদ...

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড...

শহিদ নূর হোসেন দিবস আজ

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) শহিদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) স্বৈরশাসকের বিরুদ্ধে...

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, প্রাণ গেল চালকের

ফরিদপুরে গভীর রাতে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় শ্বাসকষ্টে মারা গেছেন। এছাড়া...

কারিগরি ত্রুটি সারিয়ে ফের সচল আরটিজিএস লেনদেন

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন।মঙ্গলবার (১০ নভেম্বর)...