পাবনায় এক হাজার ১৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৫৯টিতেই নেই প্রধান শিক্ষক। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম, উন্নয়নকাজ ও পাঠদান।
সংশ্লিষ্টরা জানান, একটি বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রধান শিক্ষক। অথচ পাবনার বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নেই প্রধান শিক্ষক। শূন্য পদ নিয়ে শুরু হয়েছে নানা জটিলতা।
জানা যায়, পাবনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এক হাজার ১৩৬টি। এরমধ্যে প্রধান শিক্ষক আছেন মাত্র ৪৬৮টি বিদ্যালয়ে। বাকি ৬৫৯টি বিদ্যালয়েই শূন্য রয়েছে প্রধান শিক্ষকের পদ। সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত বানিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। এতে বাড়ছে কাজের চাপ, পদ নিয়ে অনেকেই আবার ব্যক্তিগতভাবে হচ্ছেন অসন্তোষ। এতে দেখা দিয়েছে সমন্বয়হীনতা।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা জানান, আমাদের সময়মত পাঠদান করতে সমস্যা হচ্ছে। মাঝিবিহীন নৌকা যেমন গন্তব্যে ঠিকমত যেতে পারে না, শিক্ষকবিহীন বিদ্যালয়ও তেমন শিক্ষায় সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে না। প্রধান শিক্ষক না থাকলে সহকারী শিক্ষককে দায়িত্ব পালন করতে হয়। সে ক্ষেত্রে দুজন শিক্ষক অনুপস্থিত হয়ে যান। এতে অনেক কার্যক্রম ব্যাহত হয়।
এ বিষয়ে পাবনা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, ‘সংকটের বিষয়টি আমরা প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। শিগগিরই এই শূন্য পদগুলো পূরণের আশ্বাস দিয়েছে প্রশাসন।’
কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, শূন্য পদগুলোর মধ্যে আটটিতে রয়েছে আইনি জটিলতা। ফলে এসব পদে নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না।

