বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়ায় একটি জাঁকজমকপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের বারজায়া টাইম স্কয়ারের হলরুমে মালয়েশিয়া যুবদলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
মালয়েশিয়া যুবদলের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রমজান আলী ও প্রচার সম্পাদক বাদল কারারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আতিকুর রহমান আতিক এবং বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম শাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি রফিক আহমেদ ডলার এবং বিশেষ বক্তা ছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ।
আলোচনা সভায় বক্তারা যুবদলের গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক পথচলা, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং প্রবাসে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রবাসে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল মোনায়েম মুন্না নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রবাসে যুবদলের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল রানা। এ সময় মালয়েশিয়া বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, দফতর সম্পাদক আমিনুল ইসলাম রতনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

