দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় সোমবার (৯ নভেম্বর) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বাণিজ্য বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে দুই দেশের মাঝে পাসপোর্টধারীদের যাতায়াত।
বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রেখেছেন। এ কারণে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
বেনাপোল বন্দর উপ পরিচালক রুহুল আমিন জানান, ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস কার্যক্রম এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। ছুটি শেষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
এদিকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে পণ্যজটের আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে প্রতিদিন এ বন্দর দিয়ে ভারতের সঙ্গে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রফতানি হয়ে থাকে। এছাড়া চিকিৎসা, ব্যবসাসহ নানা প্রয়োজনে প্রতিদিন তিন হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। বাণিজ্যিক কার্যক্রম থেকে প্রতিদিন সরকার প্রায় ১০ কোটি টাকা এবং ভ্রমণ খাত থেকে প্রায় ২০ লাখ টাকা রাজস্ব আয় করে।

