কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে রাষ্ট্রপতির আহ্বান

বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বুধবার (২৮ অক্টোবর) বঙ্গভবনে ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।


রাষ্ট্রপতি বলেন, দেশের বেকারত্ব সমস্যা নিরসনে উচ্চশিক্ষাসহ সর্বস্তরে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষায় গুরুত্ব দেয়ার বিকল্প নেই। তিনি এআই ও অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর জোর দেন।


প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ও ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শাফায়েত মোহাম্মদ রাজু, উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং বোর্ড সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।


সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে অর্জিত অগ্রগতি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে নেয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করে। তারা জানান, বিশ্ববিদ্যালয়টি জেসাপ আন্তর্জাতিক কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ রাউন্ডে ২০২৬ সালসহ চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।


এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে এ পর্যন্ত ১০০ কোটি টাকারও বেশি অর্থ ব্যয়ের বিষয়টি রাষ্ট্রপতিকে জানায় প্রতিনিধিদল। মেধার বিকাশ, আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে এ অর্থ ব্যয় করা হয়।


রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী কার্যক্রম জোরদারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান।


প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে তার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানায় এবং ইস্টার্ন ইউনিভার্সিটির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য তাকে আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের আশ্বাস দেন।


সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

সমবায় আন্দোলনকে যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির

এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে, সমবায় কাঠামোর আমূল পরিবর্তন করে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল...

আর্থিক প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগে দেড় শতাধিক মামলা, চিঠি পাঠালেও কী দেশে ফিরবে অর্থ?

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে সবচেয়ে বেশি লুটপাটের অভিযোগ উঠেছে ব্যাংক খাত নিয়ে। বেসিক ব্যাংক ও হলমার্ক কেলেঙ্কারি থেকে শুরু করে এস আলম...

সড়ক দুর্ঘটনায় ৭ বছরে নিশ্চিহ্ন ৩০০ পরিবার

সড়কে প্রাণহানির চিত্র ভয়াবহ! ২০২০ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে প্রায় ৩০০ পরিবার। রোববার (৮ নভেম্বর) রোড সেফটি...

পরীমণিকে ক্ষমা চাওয়ার আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীতের অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমণিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই নোটিশের অনুলিপি পাঠানো...

শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পৃথক অভিযানে ৯০ পিস ই-সিগারেট/ভেপসহ প্রায় ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য...