গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভোগান্তিতে রোগীরা

গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেও মিলছে না চিকিৎসকের সাক্ষাৎ। অভিযোগ রয়েছে, হাসপাতাল থেকে বরাদ্দকৃত ওষুধ পাওয়া যাচ্ছে না, মিলছে না পরীক্ষা-নিরীক্ষার সুবিধাও।


প্রতিদিন জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ চিকিৎসা নিতে আসেন গাইবান্ধা জেনারেল হাসপাতালে। কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের পরও প্রয়োজনীয় চিকিৎসকের দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেককে।


রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের অধিকাংশ চিকিৎসকের কক্ষ প্রায়ই তালাবদ্ধ থাকে। যেসব চিকিৎসক দায়িত্ব পালন করেন, অতিরিক্ত রোগীর চাপে তারাও যথাযথ সময় দিতে পারেন না। আবার দুপুরের মধ্যেই অনেক চিকিৎসক চলে যান বলে অভিযোগ তাদের। ফলে দীর্ঘ সময় অপেক্ষার পরও চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে অনেক রোগীকে।


হাসপাতালের সরবরাহ তালিকায় ওষুধের নাম থাকলেও রোগীদের তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।


লাইনে দাঁড়িয়ে থাকা পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের আবতাফ আলী বলেন, ‘এর আগেও দুই দিন এসে টিকিট নিয়েও ডাক্তার দেখাতে পারিনি। আজও এসে ফিরে যাচ্ছি, ডাক্তার নেই। দুই দিনে প্রায় ২০০ টাকার বেশি খরচ হলো, কিন্তু ডাক্তার দেখাতে পারলাম না।’


সদর উপজেলার রামচন্দ্রপুরের রেখা বেগম বলেন, ‘নিজে মেডিসিনের ডাক্তার ও ছেলেকে দাঁতের ডাক্তার দেখানোর জন্য এসেছিলাম। কিন্তু দুটি কক্ষই তালাবদ্ধ। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেও ফিরে যাচ্ছি। ডাক্তার তো পেলামই না, উল্টো সারাদিন হয়রানি হতে হলো।’


শুধু বহির্বিভাগ নয়, ভোগান্তি পোহাতে হচ্ছে হাসপাতালে ভর্তি রোগীদেরও। শয্যা না পেয়ে অনেককে বারান্দা ও সিঁড়ির নিচে মেঝেতে থাকতে হচ্ছে।


অভিযোগ রয়েছে, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্তদের একই জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন রোগী ও স্বজনরা।


প্রয়োজনীয় ওষুধের অধিকাংশই বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতালটিতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও অনেক ক্ষেত্রে বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে বলে অভিযোগ তাদের।


বোয়ালী এলাকার ভর্তি রোগী আলমউদ্দিন বলেন, ‘বেড না পেয়ে তিন দিন ধরে মেঝেতে শুয়ে কোনোরকমে চিকিৎসা নিচ্ছি। দিনে একবার ডাক্তার আসেন। তিনি যা লিখে দেন, তা দোকান থেকে কিনতে হয়। দুটি পরীক্ষা দিয়েছিলেন, সেগুলোও বাইরে থেকে করিয়েছি। সরকারি হাসপাতাল শুধু নামেই, এখানে চিকিৎসা ও সুবিধা কোনোটাই নেই।’


রোগীদের ভোগান্তির কথা স্বীকার করেছেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আসিফ রহমান। তিনি বলেন, ১০০ শয্যার জনবল ও অবকাঠামো দিয়ে দীর্ঘদিন ধরে ২৫০ শয্যার হাসপাতাল পরিচালনা করতে হচ্ছে। এর ওপর ১০০ শয্যার অনুমোদিত জনবলের মধ্যেও চিকিৎসকসহ প্রায় অর্ধেক পদ শূন্য রয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে। আশা করছি, সমস্যার সমাধান হবে।


হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ১০০ শয্যার জনবল দিয়েই চলছে ২৫০ শয্যার হাসপাতাল। ১০০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে ২০৮টি পদ থাকার কথা। এর মধ্যে চোখ, ডেন্টাল, গাইনি, মেডিসিন, সার্জারি, চর্মরোগ বিভাগ ও মেডিকেল অফিসারসহ বিভিন্ন পদে ৪৮ জন চিকিৎসকসহ মোট ৭৮টি পদ শূন্য রয়েছে।


হাসপাতালটিতে প্রতিদিন বহির্বিভাগে ৭০০ থেকে ৮০০ এবং অন্তর্বিভাগে প্রায় ৪০০ রোগী চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। বিপুলসংখ্যক রোগীর বিপরীতে প্রয়োজনীয় জনবল, শয্যা ও চিকিৎসাসেবার ঘাটতিতে প্রতিদিনই বাড়ছে রোগীদের ভোগান্তি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...

নেদারল্যান্ডে দত্তক নেয়া হয়েছিল সেলিনা-রাজীবকে, মা-বাবার খোঁজে ঘুরছেন কক্সবাজারে

পাসপোর্টে লেখা জন্মভূমির নাম বাংলাদেশ। অথচ এই দেশের কোথায় তাদের জন্ম, কে তাদের মা-বাবা সেই পরিচয় জানতেই কেটে গেছে জীবনের দীর্ঘ সময়। একজনকে দেড়...

গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার...

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প-বাইডেনের উত্তরসূরি হওয়ার দৌড়ে কারা?

যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এখনই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌঁড়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন...

জলবায়ু পরিবর্তনে প্রতিনিয়ত বাড়ছে ঝুঁকি, মোকাবিলায় ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় শুরু হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। এতে বিশ্বনেতাদের পাশাপাশি অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি...