রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। এর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জননিরাপত্তায় জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি।
মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ে রোববার (৮ নভেম্বর) রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ হয়। একই ঘটনা ঘটে পল্লবী থানায়ও।
রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত সিআইডির প্রধান কার্যালয়, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, ভাটারা, উত্তরা পূর্ব, ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে, তেজগাঁও শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ করা হচ্ছে বলে দাবি পুলিশের।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মো. আক্তার হোসেন বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হচ্ছে। তবে জননিরাপত্তা জন্য ডিএমপি সব ধরণের কার্যক্রম হাতে নিয়েছে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ ছাত্রসংগঠনের আগামীকালের ধর্মঘটকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি।

