বরিশালের হারানো খাল পুনরুদ্ধারে ৭৬৮ কোটি টাকার প্রকল্প

বরিশালের হারানো খাল পুনরুদ্ধারে ৭৬৮ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পের আওতায় নগরীর ২০টি খাল ও ১০টি পুকুর পুনঃখনন করা হবে। পাশাপাশি ১০টি খালের পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ, সড়কবাতি স্থাপন, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয়া হয়েছে।

নগরবাসীর প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে, ফিরে আসবে বরিশালের ঐতিহ্যবাহী খালকেন্দ্রিক পরিবেশ।

একসময় বরিশাল নগরীর প্রাণপ্রবাহ ছিল এসব খাল। নৌপথে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য এবং নগরীর পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত খালগুলো। কিন্তু সময়ের পরিবর্তনে দখল, দূষণ ও ভরাটের কারণে হারিয়ে গেছে সেই চিত্র। অনেক খাল পরিণত হয়েছে সরু নালায়, আবার কোথাও খালের অস্তিত্বই খুঁজে পাওয়া কঠিন।

সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, কাগজে-কলমে বরিশাল নগরীতে ২৪টি খাল থাকলেও দখল-দূষণে বর্তমানে কোনোরকমে টিকে আছে মাত্র সাতটি। দীর্ঘদিন ধরে খালগুলো পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছেন নগরবাসী। নতুন প্রকল্প অনুমোদনের খবরে তাই আশার আলো দেখছেন তারা।

কাউনিয়া প্রধান সড়কের বাসিন্দা জহির উদ্দিন বলেন, খালগুলো ভরাট ও দখল হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে থাকে। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। খালগুলো সঠিকভাবে পুনঃখনন ও দখলমুক্ত করা গেলে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে।

হাসপাতাল রোডের ষাটোর্ধ্ব আকবর মিয়া বলেন, একসময় বরিশালের খালগুলো দিয়ে নৌকা চলাচল করত। খালগুলো ছিল নগরীর সৌন্দর্য ও যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। এখন অনেক খাল ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। তিনি মনে করেন, শুধু খনন করলেই হবে না, ভবিষ্যতে যাতে কেউ খাল দখল করতে না পারে, সে ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের উপপরিচালক দিপু হাফিজুর রহমান বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল পুনরুদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রকল্পের সুফল পেতে হলে পরিকল্পিতভাবে কাজ বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি খালগুলো দখল ও দূষণমুক্ত রাখতে নাগরিকদের সম্পৃক্ত করে নিয়মিত তদারকির ব্যবস্থা প্রয়োজন।

নগর ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের আওতায় ২০টি খাল ও ১০টি পুকুর পুনঃখনন করা হবে। এছাড়া ১০টি খালের পাড় সংরক্ষণ, ওয়াকওয়ে নির্মাণ, স্ট্রিট লাইট স্থাপন, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পানি নিষ্কাশনের সক্ষমতা বাড়ার পাশাপাশি নগরীর পরিবেশ ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়ন হবে।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুম্পা সিকদার বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন হবে। একই সঙ্গে খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনা, পাড় সংরক্ষণ এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার সুযোগ তৈরি হবে। প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়া হবে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনতে খাল পুনরুদ্ধারের এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের দাবি পূরণে প্রকল্পটি অনুমোদন দেয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। তার প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি হারানো খালগুলো ফিরে পাবে প্রাণচাঞ্চল্য। বরিশাল আবারও একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে উঠবে।

রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে জিজ্ঞাসা করা হবে।সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার...

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে: পুলিশ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি পুলিশের। এর পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...

নাকের অস্ত্রোপচারের পর জাহ্নবীকে নিয়ে কী বলেছিলেন শ্রীদেবী?

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যক্তিগত জীবন, সৌন্দর্যচর্চা কিংবা অভিনয়—বিভিন্ন বিষয়েই প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নাকের অস্ত্রোপচারের বিষয়টি নিয়ে আর কোনো রাখঢাক করলেন...

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিশাল ইলিশ, ওজন পৌনে ৩ কেজি

একটি ইলিশের ওজন ২ কেজি ৭০০ গ্রাম। আর তার দাম উঠেছে ১২ হাজার ১১২ টাকা। পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে এমন একটি মাছ। জানা...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ট্রানশন হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জর্জ ঝুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...