জলবায়ু পরিবর্তনে উপকূলীয় জেলাগুলোতে বাড়ছে লবণাক্ততা। উপকূলীয় ১৯ জেলার ১৮টিতেই প্রায় ৫৩ শতাংশ জমি বছরজুড়ে অনাবাদি থাকছে। পানির অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ, বাড়ছে বেকারত্ব, উদ্বাস্তু হচ্ছে পরিবার। এ সংকট মোকাবিলায় লবণাক্ততা-সহিষ্ণু উদ্ভাবিত ফসলের জাত দ্রুত কৃষকদের কাছে পৌঁছে দেয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
সরেজমিনে দেখা যায়, পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ধানের গোড়া, চারপাশে লবণাক্ত পানি। নেই সেচের সুযোগ। সাতক্ষীরার কৃষক সুনীল মল্লিকের আক্ষেপ, নোনাপানিতে উর্বরতা হারাচ্ছে জমি। চাষাবাদের ভবিষ্যৎ ভেবে কপালে চিন্তার ভাঁজ তার।
সুনীল মল্লিক বলেন, বর্ষা নেই। আর সেচ দেয়ার উপায়ও নেই। সেচ দিতে হলে নদীর পানি খালে তুলতে হবে। সেখান থেকে মেশিন দিয়ে তুলতে হবে। তবে সেটা নোনাপানি। ঘেরে যে পানি আছে, সেটাও নোনাপানি। সব মিলিয়ে আমরা নিরুপায়।
নোনাপানির দৌরাত্ম্যে যখন বেশিরভাগ কৃষিজমি রুগ্ন, তখন বাকি জমিতে মুনাফার আশায় চিংড়ি ও কাঁকড়া চাষে ভাগ্য ফেরানোর চেষ্টা করছেন অনেকে। মাছের জন্য স্বেচ্ছায় ঢোকানো হয় নোনাপানি। এতে পরিস্থিতি দিনকে দিন আরও জটিল হচ্ছে।
প্রভাবশালীদের উদ্যোগে খাল দিয়ে নোনাপানি প্রবেশ করানোর চেষ্টায় আশপাশের জমিতে অন্য ফসলের চাষও ব্যাহত হচ্ছে বলে জানান শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।
তিনি বলেন, অনেকে প্রভাব ফেলে খাল দিয়ে নোনাপানি ঢোকানোর চেষ্টা করেন। এর ফলে আশপাশে অন্যান্য ফসল আবাদে বিঘ্ন ঘটে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) তথ্যানুযায়ী, দেশের উপকূলীয় ১৯ জেলার মধ্যে ১৮টিতেই প্রায় ৬৮ শতাংশ আবাদি জমির লবণাক্ততা মাত্রাতিরিক্ত। এ কারণে প্রায় ৫৩ শতাংশ জমি বছরের অধিকাংশ সময়ে পতিত পড়ে থাকে। এর মধ্যে শোচনীয় পরিস্থিতি শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দাকোপ, কয়রা, বটিয়াঘাটা, পাথরঘাটা ও আমতলীর।
তবে প্রতিকূলতার মধ্যেও বিকল্প উপায়ে ফসল ফলানোর চেষ্টা করছেন কেউ কেউ। শ্যামনগরের গাবুরার কৃষক আব্দুর রাজ্জাক লবণাক্ততায় ক্ষতিগ্রস্ত জমিতেই বুনছেন নতুন স্বপ্ন। আধুনিক কৌশলে পুকুর খুঁড়ে বৃষ্টির পানি সংরক্ষণ করছেন তিনি। সেই পানি ব্যবহার করে সোনালি ফসল ফলানোর আশা তার।
লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল বলেন, কেউ যদি ইচ্ছা করে যে তার চিংড়ি চাষের জমিটাকে এ বছর ধান চাষ করবে, তাহলে সরকারের এবং আমাদের ও এগ্রিকালচার বিভাগের কাছে পর্যাপ্ত প্রযুক্তি আছে। এগুলো দিয়ে এক বছর সেখানে ধান চাষ করা সম্ভব। সরকারের পক্ষ থেকে উদ্যোগ দরকার।
এদিকে, লবণাক্ততা-সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবিত হলেও সেগুলোর সুফল কৃষকের কাছে দ্রুত পৌঁছে দেয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, লবণাক্ততা-সহিষ্ণু জাত উদ্ভাবন করা হয়েছে, যাতে করে অতি দ্রুত কৃষকদের কাছে পৌঁছানো যায় এবং এর সুবিধা আমাদের কৃষকরা পেতে পারেন। সেটার দিকে লক্ষ্য রাখা দরকার। জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, এটার সবচেয়ে বড় অভিঘাত বাংলাদেশের। খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তেমনিভাবে আমাদের আর্থিক কষ্টও বাড়ছে।
প্রকৃতির সঙ্গে লড়াই করে সোনালি ফসল চাষের অদম্য ইচ্ছে থাকলেও পর্যাপ্ত সহযোগিতার অভাব আর ঘের ব্যবসায়ীদের প্রভাবের কাছে বার বার পরাজিত হন প্রান্তিক চাষিরা।

