১৯৭ কোটি টাকার নিরাপত্তা বলয় তৈরি, তবুও অরক্ষিত কক্সবাজারের ক্যাম্পগুলো!

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা ও সড়কবাতি। কিন্তু পাঁচ বছরের ব্যবধানে এসব নিরাপত্তাব্যবস্থার অধিকাংশই অকার্যকর হয়ে পড়েছে। প্রায় ৭০ কিলোমিটার কাঁটাতারের বেড়ার বড় অংশের অস্তিত্ব নেই। বিকল হয়ে পড়ে আছে ৭০০টির বেশি সিসিটিভি ক্যামেরা। চুরি হয়ে গেছে অধিকাংশ সড়কবাতি। জরাজীর্ণ হয়ে পড়েছে ৮৩টি ওয়াচ টাওয়ারও।

নিরাপত্তাব্যবস্থার এমন ভঙ্গুর অবস্থায় উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড। মানবপাচার, অপহরণ, মাদক কারবার, ডাকাতি ও গোলাগুলির ঘটনায় উদ্বেগ বাড়ছে ক্যাম্পের বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিরাপত্তাঝুঁকির কারণে কিছু দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযান পরিচালনাও কঠিন হয়ে পড়েছে।

গত ০৫ নভেম্বর টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মানবপাচারকারীদের গোপন বন্দিশালায় অন্তত ১২০ জনকে আটকে রাখার তথ্য সামনে আসে। তাদের উদ্ধারে অভিযান চালাতে গিয়ে মানবপাচারকারীদের গুলিতে প্রাণ হারান তিতাস শেখ নামের এক সেনাসদস্য। দুর্গম পাহাড়ে অপরাধীদের এমন আস্তানা গড়ে ওঠা এবং একের পর এক অপরাধের ঘটনা ক্যাম্পগুলোর নিরাপত্তাব্যবস্থার দুর্বলতাকে নতুন করে সামনে এনেছে।

এ পরিস্থিতিতে কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার সংস্কারের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরও একটি ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পের নিরাপত্তা জোরদার করতে একসময় চারপাশে কাঁটাতারের বেষ্টনী নির্মাণ, গুরুত্বপূর্ণ স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং সড়কবাতি স্থাপন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ক্যাম্পে প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড নজরদারির আওতায় আনা।

কিন্তু বর্তমানে এসব ব্যবস্থার অধিকাংশই কার্যকর নেই। উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে কাঁটাতারের বেড়া ভেঙে গেছে কিংবা খুলে নেয়া হয়েছে। অনেক স্থানে সিসিটিভি ক্যামেরা বিকল, অনেক অস্তিত্বহীন। চুরি হয়ে গেছে সড়কবাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম। জনবল ও রক্ষণাবেক্ষণের অভাবে ওয়াচ টাওয়ারগুলোও কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

ফলে ক্যাম্পের প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে নজরদারি দুর্বল হয়ে পড়েছে। এই সুযোগে অপরাধীরা সহজেই ক্যাম্পে প্রবেশ ও বের হতে পারছে বলে অভিযোগ বাসিন্দাদের।

টেকনাফের লেদা ২৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা রশিদা বেগম বলেন, ক্যাম্পের কাঁটাতারের বেড়া ভেঙে যাওয়ায় ওই দিক দিয়ে ডাকাত ও বন্য হাতি লোকালয়ে চলে আসে। বিশেষ করে রাতে তারা আতঙ্কে থাকেন। নিরাপত্তার জন্য স্থাপন করা সড়কবাতিগুলো চুরি হয়ে গেছে। পাহারার জন্য নির্মিত একটি টাওয়ারের চালাও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফলে রাতের বেলায় নিরাপত্তাহীনতায় থাকতে হচ্ছে তাদের।

একই ক্যাম্পের দোকানদার মো. হাবিব বলেন, নিরাপত্তার জন্য নির্মিত ওয়াচ টাওয়ারে প্রশাসনের কোনো সদস্য দায়িত্ব পালন করেন না। ফলে টাওয়ারটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। সেখান থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সরঞ্জাম চুরি হয়ে গেছে। রাতে কী ঘটছে, তা বোঝার উপায় নেই। সকালে এসে দেখা যায়, ভেতরের বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে।

ক্যাম্পের যুবক আবু বক্করের মতে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির জন্য এপিবিএনের নিয়মিত টহল ও উপস্থিতি বাড়ানো জরুরি। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত ও নজরদারি সহজ হবে।

ক্যাম্পের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার প্রভাব পড়ছে আশপাশের স্থানীয় জনপদেও। অপহরণ, গরু-ছাগল চুরি ও গোলাগুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অপহরণের পর মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতনের অভিযোগও রয়েছে।

লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা ইয়াছিন বলেন, এলাকায় প্রায়ই ডাকাতদের আনাগোনা দেখা যায়। তারা মানুষ অপহরণ করে নিয়ে যায়, গরু-ছাগলও চুরি করে। অপহরণের পর মারধর করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ কারণে রাতে ঘুমাতে গেলেও আতঙ্কে থাকতে হয়।

স্থানীয় বাসিন্দা রহিমা খাতুন বলেন, ডাকাত ও সন্ত্রাসীদের ভয়ে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। বিশেষ করে রাতে শান্তিতে ঘুমানো কঠিন হয়ে পড়েছে।

আরেক বাসিন্দা রশিদ আহমদ বলেন, আশপাশে গরু-ছাগল থাকায় সেগুলো নিয়ে বাইরে যেতে হয়। কিন্তু সব সময় ভয় কাজ করে। এলাকায় অপরিচিত কাউকে দেখলেও আতঙ্কিত হতে হয়। প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান তিনি।

নিরাপত্তাহীনতার কারণে পাহাড়ে কৃষিকাজে যাওয়াও কমিয়ে দিয়েছেন স্থানীয় কৃষকেরা। লেদা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, পাহাড়ে গেলে অপহরণকারীদের কবলে পড়ার আশঙ্কা থাকে। বিভিন্ন কৌশলে অপহরণকারীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ কারণে অনেক কৃষক আর আগের মতো পাহাড়ে যেতে সাহস পাচ্ছেন না।

সচেতন মহলের মতে, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ ও বাহ্যিক-দুই দিকেই নজরদারি বাড়াতে হবে। দ্রুত কাঁটাতারের বেড়া সংস্কার, সিসিটিভি ক্যামেরা সচল করা এবং ওয়াচ টাওয়ারগুলো কার্যকর করার দাবি জানিয়েছেন তারা।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তৌহিদুল এহেছান বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি বাহ্যিক নিরাপত্তা জোরদার করাও জরুরি। আগে ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া ও পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে এসব ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ফলে ক্যাম্পের বাইরে অবাধ চলাচল ও অপরাধপ্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

তার মতে, জাতীয় নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য নজরদারি ব্যবস্থা কার্যকর করতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের ক্যাম্পের নির্ধারিত সীমার মধ্যে থাকা এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে সচেতন করতে হবে।

উখিয়াস্থ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ক্যাম্পের নিরাপত্তায় স্থাপিত সিসিটিভি ক্যামেরাগুলো বর্তমানে নেই বললেই চলে। বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া কেটে ফেলা হয়েছে, অনেক অংশ ভেঙে গেছে। কোনো কোনো ক্যাম্পে কাঁটাতারের বেড়ার চিহ্ন পর্যন্ত নেই। ওয়াচ টাওয়ারগুলোও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কিছু সড়কবাতি থাকলেও অনেক স্থানে সেগুলো নেই। এ ধরনের সীমাবদ্ধতার মধ্যেও এপিবিএনের সদস্যরা ক্যাম্পের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছেন।

টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ক্যাম্পের নিরাপত্তায় এপিবিএনের সদস্যরা ২৪ ঘণ্টাই দায়িত্ব পালন করছেন। বিশেষ করে রাতের বেলায় ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে এপিবিএনের সদস্যরাই দায়িত্বে থাকেন। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। কাঁটাতারের বেড়ার বিভিন্ন স্থানে কাটা ও ছেঁড়ার চিহ্ন রয়েছে। দীর্ঘদিন ধরে এসব বেড়া মেরামত করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে এগুলো সংস্কার করতে পারে। কাঁটাতারের বেড়া মেরামত করা হলে ক্যাম্পের নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ক্যাম্পের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার বিষয়টি স্বীকার করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় স্থাপিত কাঁটাতারের বেড়া, ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা শুরু থেকেই পুরোপুরি কার্যকর ছিল না। নির্মাণের পর বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া কেটে ফেলা হয়েছে। জনবল না থাকায় ওয়াচ টাওয়ারগুলোও কার্যত অকার্যকর হয়ে পড়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরাগুলো বিকল অবস্থায় রয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগের তুলনায় আরও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

মোহাম্মদ মিজানুর রহমান আরও বলেন, সরকার কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার মেরামতের পাশাপাশি এপিবিএনের আরও একটি ব্যাটালিয়ন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

চীনা গুপ্তচরের সঙ্গে পরকীয়া, তদন্তের মুখে এনভিডিয়া সিইও

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের নজরদারিতে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু...

বিকেলে বসছে চতুর্থ সংসদ অধিবেশন, উত্থাপন হবে তিনটি অধ্যাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে বিকেল। আর এ অধিবেশনেই উত্থাপন করা হবে তিনটি অধ্যাদেশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে চতুর্থ অধিবেশন বসার...

ইরান যুদ্ধ শেষ করতে শি-পুতিনের সঙ্গে কথা বলতে চান ট্রাম্প

চলমান ইরান যুদ্ধ শেষ করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার...

তিন দিনের সফরে ঢাকায় ডাচেস অব এডিনবার্গ

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। তাকে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। জানা...

সুন্দরবনে নিরাপত্তাহীনতায় ২৫ লাখ মানুষের জীবন-জীবিকা

সুন্দরবনের ওপর জীবিকার জন্য নির্ভরশীল প্রায় ২৫ লাখ মানুষ। অথচ জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের দাবিতে নিরাপত্তাহীনতায় বনজীবী ও মৎস্যজীবীরা। দস্যুদের তাণ্ডবে...