উত্তরের হিমালয় কন্যা ও শীতপ্রবণ জেলা হিসেবে পরিচিত পঞ্চগড় জেলায় কমতে শুরু করেছে তাপমাত্রা। গেল ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রার পারদ আরও কমেছে এক ডিগ্রি। একই সঙ্গে সন্ধ্যা থেকে পরদিন সকাল ৮-৯টা পর্যন্ত অনুভূত হচ্ছে খানিকটা পাহাড়ি হিম বাতাসের সাথে শীত।
আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ দিনের তুলনায় রাতে উঠা নামার সাথে আবারও কমেছে। দিনের বেলা গরম আবহাওয়া বিরাজ করলেও রাত থেকে সকাল পর্যন্ত পাহাড়ি হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। সেই সঙ্গে ভোরের সকালে কখনো হালকা কুয়াশা থাকলেও অধিকাংশ দিনে ঘন কুয়াশায় ঢাকা থাকছে জেলার চারপাশ।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তবে রোববার সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা বলছেন, শীতের আগমনী বার্তার সাথে সাথে বদলাতে শুরু করেছে জেলার প্রকৃতি। রাতে ও সকালে অনুভূত হচ্ছে শীতের অনুভূতি। এই দুই সময়ে গরম কাপড় পরে প্রয়োজনে বাড়ি থেকে বাইরে বের হতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, রোববার সকাল ৯টায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় পরিবর্তন হয়ে আরও এক ডিগ্রি কমে গিয়ে সোমবার সকালে ১৫ ডিগ্রির তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ ছিল। এর আগে গতকাল রোববার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

