রাজধানীর রুপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল নামে একব্যক্তি হাতেনাতে আটক করেছে পুলিশ।
সোমবার (০৯ নভেম্বর) সকালে রুপনগর থানা সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ জানায়, রোববার (০৮ নভেম্বর) রাত ১টা ৪০ মিনিটের দিকে রুপনগর থানার সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যাওয়ার সময় আশরাফুল নামে একব্যক্তি হাতেনাতে ধরা হয়েছে।
আশরাফুল ইসলামের (২৭) বাবার নাম মো. হাবিবুর রহমান ও মা আলিয়া বেগম। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরের ছোট আলীর চরে। বর্তমানে আশরাফুল ইসলাম ঢাকার রুপনগর ঝিলপাড় বস্তির এ/পি সেকশন ০৭, বসবাস করেন।
এর আগে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মগবাজার, মিরপুর ও পল্লবীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহবাগ থানা এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনায় তিন জনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন উপস্থিত জনতা। সন্ধ্যা ৭টার পর থেকে এসব বিস্ফোরণ ঘটানো হয়।
জানা গেছে, রোববার রাত সাড়ে ৭টায় পল্লবী থানার সামনের ফ্লাইওভার থেকে থানা চত্বরে ককটেল নিক্ষেপ করা হয়। এতে এক পুলিশ সদস্য আহত হন। কাছাকাছি সময়ে মগবাজার সিআইডি অফিস চত্বরে আরেকটি ককটেল ছোড়া হয়, যা পুলিশের একটি গাড়ির ওপর বিস্ফোরিত হয়।
প্রায় একই সময়ে শাহবাগ থানাধীন জাতীয় জাদুঘর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় উপস্থিত জনতা এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তিন দুর্বৃত্তকে হাতেনাতে ধরেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এরপর রাত পৌনে ৯টার দিকে মিরপুর সনি সিনেমা হলের সামনে একটি চলন্ত গাড়ির ওপর একটি ককটেল নিক্ষেপ করা হয়।
এভাবে ককটেল নিক্ষেপ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রাতে জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এরপর একটি মিছিল নিয়ে শাহবাগ থানায় আসেন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ধরনের নৈরাজ্য কোনোভাবেই চলতে দেবেন না জানিয়ে সোমবার ভোর ৬টা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা।

