পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায় জমে উঠেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ জলপাইয়ের পাইকারি বাজার। প্রতিদিন এ বাজারে ১৪০ থেকে ২০০ মেট্রিক টন জলপাই কেনাবেচা হচ্ছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা। স্থানীয় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করা এসব জলপাই যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। মৌসুমি এ বাজারকে ঘিরে তৈরি হয়েছে বিপুল কর্মসংস্থানের সুযোগ। তবে বিপুল পরিমাণ জলপাই বিক্রি হলেও ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ কৃষকদের।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন সকাল থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাক, দরদাম আর কেনাবেচায় মুখর হয়ে ওঠে দেবীগঞ্জের দেবদারুতলার জলপাইয়ের হাট। বাজারজুড়ে চলে জলপাই বাছাই, ওজন ও বস্তাবন্দীর ব্যস্ততা।
পঞ্চগড় ছাড়াও দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা জলপাই নিয়ে আসেন এ বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকাররা এসব জলপাই কিনে নিয়ে যান নিজ নিজ এলাকায়। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী স্থানীয় পর্যায় থেকে জলপাই সংগ্রহ করে পাইকারি বাজারে বিক্রি করছেন। এতে কৃষকরা যেমন উৎপাদিত পণ্যের বাজার পাচ্ছেন, তেমনি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
তবে বাজারে বিপুল পরিমাণ জলপাই কেনাবেচা হলেও ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ কৃষকদের। তাদের দাবি, গত মৌসুমের তুলনায় এবার জলপাইয়ের দাম কম। ফলে উৎপাদন ও পরিবহন খরচ মিটিয়ে কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
কৃষক জব্বার বলেন, দেবীগঞ্জের এ বাজারটি এলাকার একমাত্র বড় জলপাইয়ের বাজার। মৌসুমে এখানে জলপাই বিক্রি করে ভালো আয় করা যায়। তবে গতবারের তুলনায় এবার দাম পাওয়া যাচ্ছে কম।
জলপাই বিক্রি করতে আসা নুরুজ্জামান বলেন, ছোট-বড় বিভিন্ন প্রজাতির জলপাই বিক্রি হয় এ হাটে। আগে প্রকারভেদে প্রতি কেজি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বিক্রি করেছি। কিন্তু এবার তার অর্ধেক দাম পাচ্ছি।
একই অভিযোগ অন্য কৃষকদেরও। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে বাজারটি তদারকি করা হলে উৎপাদিত জলপাইয়ের ভালো দাম পাওয়া সম্ভব হবে।
বাজারসংশ্লিষ্টদের মতে, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ জলপাইয়ের পাইকারি বাজার হিসেবে এরইমধ্যে পরিচিতি পেয়েছে দেবদারুতলার এ হাট। প্রতিদিন গড়ে ১৪০ থেকে ২০০ মেট্রিক টন জলপাই কেনাবেচা হয় এখানে। যোগাযোগব্যবস্থার উন্নতির ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা সহজেই বাজারে আসতে পারছেন। এতে বাজারের পরিধি ও বাণিজ্যিক কার্যক্রম আরও বিস্তৃত হচ্ছে।
জলপাই হাটের ইজারাদার কাদেরী কিবরিয়া রানা বলেন, বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও বিক্রেতারা এ বাজারে আসেন। জলপাইয়ের এ হাট দেবীগঞ্জ উপজেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় কেনাবেচার পাশাপাশি কর্মসংস্থান তৈরি হচ্ছে, সরকারও রাজস্ব পাচ্ছে। তবে হাটে কিছু সমস্যা রয়েছে। সেগুলো বিবেচনায় নিয়ে প্রশাসন যদি বাজারটি পরিকল্পিতভাবে গড়ে তোলে, তাহলে পুরো উত্তরবঙ্গেই এর গুরুত্ব আরও বাড়বে।
দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ সময় সংবাদকে বলেন, জলপাইয়ের এ বাজার স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রতিবছর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত চলে জলপাইয়ের মৌসুমি বেচাকেনা। এ সময় প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার লেনদেন হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক ও সংশ্লিষ্টদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। এরই মধ্যে হাটটি গুছিয়ে তোলার জন্য উপজেলা প্রশাসন সরেজমিনে পরিদর্শন করেছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং কৃষকদের উৎপাদিত জলপাইয়ের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে দেবদারুতলার এ বাজার আরও বড় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে। এতে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি বাড়বে কৃষকের আয় ও কর্মসংস্থানের সুযোগ।

