আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন নিয়ন্ত্রণে গোয়েন্দা সংস্থার নির্বাচনী সেলের ভূমিকা ছিল বলে মনে করেন রাজনৈতিক ও নির্বাচন বিশ্লেষকরা। তাদের মতে, সরকারকে ক্ষমতায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমলাতন্ত্র ও ব্যবসায়ী গোষ্ঠীর ইন্ধনে কলকাঠি নেড়েছিল অদৃশ্য শক্তি।
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সরকার গঠনের মূল কারিগর ক্ষমতার উৎসে থাকা জনগণ। দেশে এক দীর্ঘ বিরতির পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগ করেন নাগরিকরা। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়িত হয় দেশি-বিদেশি পর্যবেক্ষকদের কাছে।
তবে এর আগে দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুই পর্যায়েই ছিল বিস্তর বিতর্ক। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন কায়েমের যাত্রা শুরু হয়। ওই নির্বাচনে ১৫৪ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ইস্যুটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর ২০১৮ সালের একাদশ এবং ২০২৪ সালের দ্বাদশ নির্বাচন দুটি জনগণের কাছে ধরা দেয় রাতের ভোট ও আমি-ডামি নির্বাচন নামে।
রাজনৈতিক এবং নির্বাচন বিশ্লেষকদের মতে, তিনটি নির্বাচনেই দলীয় সরকারের ছিল ব্যাপক আধিপত্য, যা নির্বাচন কমিশনের স্বাধীনতা ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. কে. এম. মহিউদ্দিনের মতে, তিনটি নির্বাচনে দলীয় সরকারের একক আধিপত্য দেখা গেছে। এতে নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তৈরি হয়।
সাবেক জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য আব্দুল আলীম জানান, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররাও অনেক ক্ষেত্রে অন্ধকারে ছিলেন। তাদের ভূমিকা ছিল মূলত লজিস্টিক সহায়তা দেয়া।
আব্দুল আলীমের ভাষ্য অনুযায়ী, একটি গোয়েন্দা সংস্থার বিশেষ ‘নির্বাচন সেল’ নির্ধারণ করত কোন দল জিতবে। ফলে জনগণের হাতে ভোটের প্রকৃত নিয়ন্ত্রণ ছিল না। এ প্রক্রিয়ায় প্রশাসন ও ব্যবসায়ী মহলেরও ইন্ধন ছিল।
অন্যদিকে, অধ্যাপক কে. এম. মহিউদ্দিনের মতে, পুলিশ, বেসামরিক প্রশাসন ও ব্যবসায়ী মহলের একটি অংশও সরকারকে ক্ষমতায় রাখতে আগ্রহী ছিল। সব মিলিয়ে দলীয় সরকারের অধীনে সাজানো নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি হয়েছিল, যা এক ধরনের ‘নৈর্বাচনিক স্বৈরতন্ত্র’ প্রতিষ্ঠা করে।
বিশ্লেষকদের মতে, ২০২৪-এর গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়া নাগরিকদের ক্ষোভের বহিঃপ্রকাশ।
প্রাসঙ্গিক:

