বরিশালের উজিরপুরে ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুজনকে প্রত্যাহার এবং এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
উপজেলার শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদা ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী সুরাইয়াকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের গাড়িচালক রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।
রোববার (২৫ অক্টোবর) এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন।
এর আগে শিকারপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক সানজিদার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগ উঠে। এছাড়া সার্টিফিকেট সহকারী সুরাইয়া আক্তারের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। ওই ঘুষের ভিডিও ধারণ করায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগও ওঠে।
এসব অভিযোগ ও সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে বিষয়টি। পরে ২৫ অক্টোবরের আদেশে সানজিদা ও সুরাইয়াকে বরিশালে সংযুক্ত এবং রাসেল মৃধাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

