একটি ইলিশের ওজন ২ কেজি ৭০০ গ্রাম। আর তার দাম উঠেছে ১২ হাজার ১১২ টাকা। পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়েছে এমন একটি মাছ।
জানা যায়, পটুয়াখালীর কুয়াকাটায় জেলে নূর আলম বিশ্বাসের জালে ধরা পড়া বিশাল আকৃতির এ ইলিশ মাছ ঘিরে আশাখালী মৎস্য বন্দরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহলও।
রোববার (০৮ নভেম্বর) মাছটি বন্দরে নিয়ে আসার পর সেটি দেখতে ভিড় করেন স্থানীয়রা।
পরে মেসার্স তুবা ফিসের আড়তে নিলামে তোলা হলে প্রতি মণ ১ লাখ ৯৫ হাজার টাকা দরে মাছ কিনেছেন স্থানীয় ব্যবসায়ী মামুন মৃধা। সব মিলিয়ে মাছটির দাম দাঁড়িয়েছে ১২ হাজার ১১২ টাকা।
জেলে নূর আলম বিশ্বাস জানান, সাগরে মাছ ধরতে গিয়ে জালে বড় ইলিশ পেলে খুশি লাগে। আবার বাজারে ভালো দামও পেয়েছি। বড় মাছ ধরা পড়লে জেলেদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। আর ভালো দাম পেলে পরিবারের খরচ মেটাতেও সুবিধা হয়।
ক্রেতা মামুন মৃধার আশা, বাজারে সচরাচর এত বড় ইলিশ পাওয়া যায় না। বড় আকৃতির এ ইলিশ ভালো দামেই বিক্রি করা যাবে।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইলিয়াস হোসেন জানান, দুই কেজির বেশি ওজনের ইলিশ খুব একটা বাজারে আসে না। তাই এমন মাছ বন্দরে উঠলে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় ইলিশ ধরা জেলেদের জন্য আনন্দের। তবে ইলিশের উৎপাদন ও প্রজনন বাড়াতে সরকারি সংরক্ষণ কার্যক্রম মেনে চলার পাশাপাশি নিষেধাজ্ঞার সময় মাছ ধরা থেকে বিরত থাকার কথা বলেন তিনি।

