অসুস্থ হলে নিজেদের এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসায় বহু ধরনের ঔষধি গাছপালা ব্যবহার করে আফ্রিকান হাতিরা। কেনিয়ার মাউন্ট এলগন অঞ্চলে হাতিদের কাছাকাছি বসবাস ও কাজ করেন এমন মানুষদের সাক্ষাৎকার নিয়ে পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
বিশেষ এই হাতিগুলো দীর্ঘদিন ধরেই তাদের অসাধারণ আচরণের জন্য বিজ্ঞানীদের কৌতুহলী করে তুলেছে—এরা “লবণ-খননকারী হাতি” নামে পরিচিত। কারণ, তারা গুহার ভেতরে গিয়ে দাঁত দিয়ে পাথর ঘষে নিজেদের খাদ্যের প্রয়োজনীয় খনিজ সংগ্রহ করে। সদ্য প্রকাশিত এ গবেষণাটি ইঙ্গিত দিচ্ছে, এই একই হাতিগুলো ওষুধি কাজে বনের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ব্যবহার করে থাকে।
গবেষণার অন্যতম প্রধান গবেষক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ড. এলোডি ফ্রেম্যান বলেছেন, এই গবেষণাটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে— বনের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হওয়ার কারণে পশু-পাখি এবং মানুষ তাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় ওষুধ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে কি না।
ড. ফ্রেম্যান বলেন, ‘এই বিষয়টি স্পষ্ট করে দেয়, মানুষের তৈরি জগতের বাইরে প্রকৃতির সঙ্গে আমাদের ওষুধগুলো কতখানি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।’
