জ্বালানি সংকট নিরসনে সুপারিশ দিলেও সরকারের সাড়া নেইঃ গোলাম পরওয়ার

জ্বালানি সংকট নিরসনে সুপারিশ দিলেও সরকারের সাড়া নেইঃ গোলাম পরওয়ার

জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সরকারকে লিখিতভাবে ৮ পৃষ্ঠার সমাধানের সুপারিশমালা দেয়া হলেও তাতে কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে দুই দিনব্যাপী জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই অভিযোগ করেন।

জ্বালানি তেলের ধারাবাহিক মূল্যবৃদ্ধির সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গত ছয় মাসে তিনবার তেলের দাম বাড়িয়েছে। মানুষের নিত্যদিনের কাজকর্মের সঙ্গে জ্বালানি সরাসরি জড়িত। কেউ নিজের পৈতৃক জমি বিক্রি করে রাষ্ট্র চালাচ্ছে না, জনগণের ট্যাক্স ও ভ্যাটের টাকাই রাষ্ট্র চলছে। তাই সরকারের কাছে জবাব থাকা উচিত যে কেন ঘন ঘন তেলের দাম বাড়ানো হচ্ছে।

দলের ঘোষিত ছায়া মন্ত্রিসভা নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিরোধী দলের এই ছায়া মন্ত্রিসভা কোনো আনুষ্ঠানিক বিষয় নয়, এটি আমাদের একটি অভ্যন্তরীণ প্রশাসনিক ও মনিটরিং কাঠামোর অংশ। আমরা যাদের যেসব বিষয়ে দায়িত্ব দিয়েছি, তারা ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছেন।

দেশে সার্বিক দুর্নীতি পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, অতীতে দুর্নীতির ধরণ ছিল ‘মেগা স্টাইল’, আর এখন তা জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায় পর্যন্ত সিন্ডিকেট ও চক্রের মতো ছড়িয়ে পড়েছে।