হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাড়াতে কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব তৈরির কাজ শুরু করেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে প্রস্তাবটি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন কূটনীতিকরা।
গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউইয়র্কে বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাড়ানোর জন্য কূটনৈতিক সমাধান খুঁজছে ফ্রান্স।
ট্রাম্প টাওয়ারে বৈঠকের পর ম্যাক্রোঁ বলেন, এ বিষয়ে বেশ কয়েকটি সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হয়েছে। পূর্ণাঙ্গ কোনো চুক্তি না হলেও কীভাবে আরও বেশি কনটেইনার জাহাজ ও তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সুযোগ দেওয়া যায়, সে বিষয়ে কূটনৈতিক সমাধান খোঁজা হবে।
রয়টার্সের বরাত দিয়ে কূটনীতিকরা জানিয়েছেন, এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের খসড়া তৈরির কাজ শুরু করেছে প্যারিস। এতে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করতে একটি আন্তর্জাতিক মিশন গঠনের প্রস্তাব থাকতে পারে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের এক কূটনীতিকের বরাতে এপি জানায়, খসড়া প্রস্তাবে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হতে পারে। খাদ্য ও জ্বালানি নিরাপত্তার জন্য এই জলপথের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সমুদ্র আইন মেনে চলার প্রয়োজনীয়তার কথাও এতে উল্লেখ থাকতে পারে।
তবে জাতিসংঘে ফ্রান্সের আগের কয়েকটি উদ্যোগ চীন ও রাশিয়ার সমর্থন পায়নি। ফলে নতুন প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে কী ধরনের সমর্থন পাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।




