সরকার দুর্নীতির পথ বেছে নিলে জনগণ তাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত ইসলামী যুব আন্দোলনের ষষ্ঠ জাতীয় যুব কনভেনশনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, বাংলাদেশে নাস্তিক, খুনি, দুর্নীতিবাজ ও চাঁদাবাজেরা আর মাথা উঁচু করে চলতে পারবে না। দেশের শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে এদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।
দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না।
দেশে ইসলামি শাসন কায়েমের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আগামীর বাংলাদেশে কোনো মুনাফেক ইসলামের নামে রাজনীতি করতে পারবে না।’
অনুষ্ঠান শেষে ইসলামী যুব আন্দোলনের আগের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে ২০২৬-২৭ সেশনের জন্য সংগঠনের নতুন কমিটির নাম ঘোষণা করেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
