ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশেকিয়ান বলেছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ চায় না। আলোচনার মাধ্যমে কোনো চুক্তিতে পৌঁছাতে তার দেশ প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পেজেশকিয়ানের কাছে জানতে চাওয়া হয়, ইরান কি যুদ্ধ চায় নাকি চুক্তি বেছে নিচ্ছে?
জবাবে পেজেশকিয়ান বলেন, ‘আমরা যুদ্ধকে বেছে নিচ্ছি না। আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে। আমরা যুদ্ধ চাই না।’
জুন মাসে স্বাক্ষরিত এমইউ চুক্তিতে ফিরতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, তেহরান ওয়াশিংটনের সাথে একটি চুক্তির পথে এগিয়ে যেতে আগ্রহী। জুন মাসে সমঝোতা স্মারকও সই হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালিতে নৌ-চলাচল সংক্রান্ত মতপার্থক্যের কারণে সেই উদ্যোগ ভেস্তে গিয়েছিল।
তিনি বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছিলাম। সেটার ওপর ভিত্তি করেই আমরা এগিয়ে যেতে ইচ্ছুক এবং এখনও আমরা সেটাই চাইছি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা যুদ্ধ শেষ করতে চায় কি না। ইরান নিজেদের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে কিনা—এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, তেহরান আন্তর্জাতিক আইন ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় বাধ্যবাধকতা মেনে চলবে।
