দীর্ঘদিন ধরে বাজারে আলুর দাম কম থাকলেও কুড়িগ্রামে আগাম আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। প্রতিবছর বাজারে নতুন আলুর চাহিদা ও তুলনামূলক বেশি দাম পাওয়ার আশায় আগাম জাতের আলু আবাদ করছেন তারা। তবে লোকসানের ঝুঁকি কমাতে গত মৌসুমের তুলনায় এবার কম জমিতে আলু চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
সরেজমিনে দেখা যায়, একদিকে বীজ আলু কেটে গজানো অঙ্কুর আলাদা করছেন কৃষকরা। অন্যদিকে হালচাষে প্রস্তুত জমিতে কেউ লাঙল টানছেন, আবার কেউ সারিবদ্ধভাবে তৈরি করা জমিতে আলুর অঙ্কুরিত অংশ পুঁতে দিচ্ছেন। আগাম আলু চাষ ঘিরে ব্যস্ত সময় পার করছেন তারা।
গত মৌসুমে কুড়িগ্রাম জেলায় ৭ হাজার ১০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছিল ৭ হাজার ৯০০ হেক্টর জমিতে। আগের বছরগুলোর তুলনায় ৮০০ হেক্টর বেশি জমিতে আলু চাষ হওয়ায় বাজারে সরবরাহ বেড়ে যায়। ফলে দাম কমে লোকসানের মুখে পড়েন কৃষক ও ব্যবসায়ীরা।
তবে পুরাতন আলুর তুলনায় নতুন আলুর চাহিদা ও দাম বেশি থাকায় এবার আগাম জাতের ধান কাটার পর ফাঁকা হওয়া জমিতে আলু চাষ করছেন কৃষকরা। তাদের আশা, মৌসুমের শুরুতে নতুন আলু বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়া যাবে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দিনবাজার এলাকার আলুচাষি মোহাম্মদ আলী বলেন, গত দুই বছর ধরে আলু চাষে লাভ না হলেও আগাম আলু চাষ করছি। আশা করছি, চলতি বছর নতুন আলু ওঠার সময় ভালো দাম পাওয়া যাবে।
কুড়িগ্রাম সদরের হরিকেশ এলাকার আলুচাষি ও ব্যবসায়ী এরশাদুল বলেন, এখনও হিমাগারে পর্যাপ্ত আলু রয়েছে। বাজারে আলুর খুচরা দাম কেজিপ্রতি ১৫ থেকে ১৬ টাকা এবং পাইকারি দাম ১০ টাকা। গত বছর তিন একর জমিতে আলু চাষ করে বড় ধরনের লোকসানে পড়েছি। তাই এবার এক একর জমিতে আলু চাষের পরিকল্পনা থাকলেও এখনও আবাদ শুরু করিনি।
এদিকে বেশি লাভের আশায় আলু চাষ করে লোকসানে পড়া কৃষকদের এবার কম জমিতে আলু আবাদ করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পাশাপাশি আলুর পরিবর্তে অন্য লাভজনক ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আবু ফাত্তাহ্ মো. রওশন কবির বলেন, চলতি মৌসুমে জেলায় ৮ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে আলুর আবাদ কমিয়ে অন্য লাভজনক ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ২৫০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে।

