চাঁদপুরে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চাঁদপুর লঞ্চ টার্মিনালের পূর্ব পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ১৪ বছর বয়সের শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
তার পরনে শুধু প্যান্ট ছিল। আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো একদিন আগে শিশুটির মৃত্যুর ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতভাগ্য শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।
এদিকে, নদীতে অজ্ঞাত পরিচয় শিশুর মরদেহ উদ্ধার- এমন তথ্য পেয়ে সিআইডি ও পিবিআইয়ের আলাদা দুটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আঙুলের ছাপ ও নমুনা সংগ্রহ করেছে। পরবর্তীতে মরদেহের ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

