চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে। ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল থেকেই প্রধান ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মানববন্ধনে নবনিযুক্ত উপাচার্যের নিয়োগ ও অধ্যাপক সায়েমকে অব্যাহতি প্রদানের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান তারা।
এসময় ‘ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?’, ‘গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক’, ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি পাঠ করেন তারা।
মানববন্ধনে অংশ নেয়া পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দেবজিত দাশ গুপ্ত বলেন, ‘সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন। তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই।’
পাশাপাশি বুধবার শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচি এদিনও অব্যাহত ছিল। এদিকে শিক্ষার্থীদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
