মূকাভিনয়ের কিংবদন্তি শিল্পী মার্সেল মার্সোর ১৯তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে স্বপ্নদল। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’কে এবার সংলাপহীন মূকনাট্যের মাধ্যমে মঞ্চে তুলে ধরেছে নাট্যদলটি। নির্দেশনায় ছিলেন জাহিদ রিপন।
সিংহাসনের লোভে একের পর এক হ’ত্যা’কা’ণ্ডে জড়িয়ে পড়ে ম্যাকবেথ। রাজাকে হ’ত্যা করে নিজেই দখল করে নেয় ক্ষমতা। কিন্তু সেই ক্ষমতা পাওয়া যতটা সহজ, তা ধরে রাখা কি ততটাই সহজ? শেক্সপিয়ারের প্রায় চারশ বছরের পুরোনো ট্র্যাজেডি গল্প ‘ম্যাকবেথ’ আজও প্রাসঙ্গিক। এবার সংলাপ ছাড়াই নাটকটি ২১তম বারের মত মঞ্চে তুলে ধরেছে স্বপ্নদল।
ব্যবহারিক গবেষণার অংশ হিসেবে মূকনাট্য বা মাইমোড্রামা আঙ্গিকে ‘ম্যাকবেথ’ মঞ্চে এনেছে দলটি। এমন ভিন্নধর্মী কাজের মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা দর্শকদের।
উইলিয়াম শেক্সপিয়ারের মূল রচনার ভিত্তিতে জুয়েনা শবনমের কাহিনি পুনর্বিন্যাসে তৈরি হয়েছে স্বপ্নদলের ‘ম্যাকবেথ’। বাঙালি মূকাভিনয়ের ঐতিহ্যবাহী রীতির সঙ্গে আধুনিক মঞ্চভাষার সমন্বয়ে নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
মূকাভিনয়ের কিংবদন্তি ফরাসি শিল্পী মার্সেল মার্সো ‘মাস্টার অব মাইম’ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তার ১৯তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজন। সংলাপের বদলে শরীরী ভাষা, অভিব্যক্তি, আলো ও মঞ্চের নানা অনুষঙ্গে ফুটে উঠেছে শেক্সপিয়ারের চিরকালীন এই ট্র্যাজেডি।
