বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও ই-কমার্সের অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকায় সরাসরি অফিস খুলতে আগ্রহ প্রকাশ করেছে এর মূল প্রতিষ্ঠান মেটা।
পাশাপাশি দেশের ই-কমার্স খাতের বিস্তার, সাইবার নিরাপত্তা রক্ষা ও অনলাইন প্রলোভন বা হেনস্তা (ডিজিটাল হ্যারাসমেন্ট) প্রতিরোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্রভিত্তিক এই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান।
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানসহ সফরসূচির প্রথম দিনের নানা ব্যস্ততা ও বৈঠক নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘মেটার প্রতিনিধিদের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা ঢাকায় একটি ফোকাল পয়েন্ট বা অফিস করতে আগ্রহী। কারণ বাংলাদেশ ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর একটি।’
তিনি আরও জানান, মেটার প্রতিনিধিরা দেশের বর্তমান বাজেটে ই-কমার্স ও প্রযুক্তি খাতকে প্রাধান্য দিয়ে অর্থ বরাদ্দের প্রশংসা করেছেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা আইন এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতে মেটা কীভাবে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি কমাতে সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে মেটা। খুব শিগগিরই তারা পর্যালোচনার মাধ্যমে ঢাকায় কার্যালয় খোলার রূপরেখা নির্ধারণ করবে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
