সৌদি আরবে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক হামলার জেরে একটি জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে মক্কা প্রতিরক্ষা চুক্তির তিন সদস্য দেশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে একটি বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ জরুরি বৈঠক আয়োজনের ঘোষণাটি দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় সৌদি আরবকে সহায়তা করার উপায় নিয়ে আলোচনার জন্য তিন দেশের সামরিক প্রধানরা এ বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।
সামরিক প্রধানরা কখন বৈঠক করবেন বা রিয়াদকে কী ধরনের সহায়তা বিবেচনা করতে পারেন বিবৃতিতে এ বিষয়ে কিছু বলা হয়নি।
যৌথ প্রতিরোধ ক্ষমতা জোরদার ও প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে। চুক্তি অনুযায়ী, এই তিন দেশের কোনো এক দেশ হামলার শিকার হলে, প্রত্যেক রাষ্ট্রের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
