পলাতক ফ্যাসিস্টদের পুলিশবাহিনী থেকে সহায়তার তথ্য আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক ফ্যাসিস্টদের পুলিশবাহিনী থেকে সহায়তার তথ্য আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক ফ্যাসিস্টদের পুলিশবাহিনী থেকে সহায়তা করার তথ্য আছে জানিয়ে কঠোর হতে বাধ্য হবো বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে সমাজ, রাষ্ট্র ও শৃঙ্খলার প্রয়োজনে সংযত হতে হবে। পুলিশকে জনআস্থা অর্জনের সুযোগ দেয়া হয়েছে। তবে ফ্যাসিস্টদের পুলিশবাহিনী থেকে সহায়তা করার তথ্য আছে। এ অবস্থা চললে কঠোর হতে বাধ্য হবো। জনআস্থা পূরণে ব্যর্থ ও দোষী পুলিশের বিভাগীয় ব্যবস্থা ও ক্রিমিনাল আইনের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি।

পুলিশকে প্রযুক্তিগত দিক থেকে আরও শক্তিশালী করা হবে জানিয়ে তিনি আরও বলেন, প্রযুক্তিগত অপরাধ, আন্তঃদেশীয় অপরাধ চ্যালেঞ্জ, সাইবার অপরাধ মোকাবিলায় সাইবার সেল খোলা হচ্ছে। কিন্তু পুলিশের সবচেয়ে বড় শক্তি জনআস্থা। জনআস্থা কতটা অর্জন করা গেছে পুলিশ তা নির্ধারণ করবে।

এ সময় তিনি মানুষের সেবায় পুলিশকে মানবিক হওয়ার আহ্বান জানান।

এ সময় ফ্যাসিস্টদের আইনের আওতায় আনতে পারলে পুরস্কার দেয়া হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তারা এক মাসে ১৪০০ মানুষকে হত্যা করেছে, রাষ্ট্র কাঠামোর সবকিছু ধ্বংস করেছে, কিন্তু ন্যূনতম অনুশোচনা নেই তাদের। উল্টো ফিরে আসার আওয়াজ দিয়ে লুকায়িত নেতাকর্মীদের প্রাণের সঞ্চার করছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করতে পুলিশের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে বিভিন্ন অবদানের জন্য পুলিশের ঊর্ধ্বতন ৯৮ কর্মকর্তাকে পদক দেয়া হয়।