বিশ্ববাজারে ক্রমেই বাড়ছে টেক জায়ান্ট অ্যাপলের তৈরি আইফোনের দাপট। চলতি বছরের আগস্টের তথ্য অনুযায়ী, বিশ্ব মোবাইল ভেন্ডর বাজারের প্রায় এক-তৃতীয়াংশই এখন অ্যাপলের দখলে। উন্নত দেশগুলোতে আইফোনের রাজত্ব থাকলেও বাংলাদেশের স্মার্টফোন বাজারে এখনো অ্যান্ড্রয়েডের আধিপত্যই স্পষ্ট।
বিশ্বজুড়ে স্মার্টফোনের বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে আইফোন। এর প্রমাণ মিলছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের নিজস্ব পরিসংখ্যানেও। ২০২৬ সালের শুরুতেই অ্যাপল জানায়, বিশ্বজুড়ে তাদের সক্রিয় ডিভাইসের সংখ্যা আড়াই বিলিয়ন ছাড়িয়েছে।
স্ট্যাটকাউন্টারের তথ্য বলছে, ২০২৬ সালের আগস্টে বিশ্ব মোবাইল ভেন্ডর বাজারের ৩২ দশমিক ৩৫ শতাংশ ছিল অ্যাপলের দখলে। অর্থাৎ, বিশ্ববাজারে সচল প্রতি তিনটি মোবাইল ফোনের প্রায় একটিই অ্যাপলের তৈরি।
আইফোন ব্যবহারে বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে কানাডা। দেশটির মোবাইল ও ট্যাবলেট ভেন্ডর বাজারের ৬৮ দশমিক ৫৫ শতাংশই অ্যাপলের দখলে। এরপর রয়েছে জাপান, যেখানে অ্যাপলের বাজার অংশ ৬৪ দশমিক ৭৪ শতাংশ। আর যুক্তরাষ্ট্রে আইফোনের শেয়ার ৬০ শতাংশের বেশি। পরিসংখ্যান অনুযায়ী, এই তিন বাজারে প্রতি ১০টি ডিভাইসের অন্তত ৬টিই অ্যাপলের।
তবে বৈশ্বিক এই চিত্রের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। চলতি বছরের আগস্টের পরিসংখ্যান অনুযায়ী, দেশের ভেন্ডর বাজারের শীর্ষ তালিকাতেও জায়গা পায়নি অ্যাপল। আর মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে বাংলাদেশে আইওএসের শেয়ার ছিল ১০ শতাংশেরও নিচে। অর্থাৎ, বিশ্ববাজারে আইফোনের দাপট বাড়লেও বাংলাদেশের স্মার্টফোন বাজারে অ্যান্ড্রয়েডের আধিপত্যই এখনো স্পষ্ট।
