২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৩ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে নতুন করে ১ হাজার ২৮৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যদিয়ে গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১০০ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ৯৫১ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।

মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা গেছেন ৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে দেশে মোট ৯৮০ জন শিশুর মৃত্যু হলো। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে।