ভারতের সবচেয়ে ধনীর তালিকায় শাহরুখ খান

ভারতের সবচেয়ে ধনীর তালিকায় শাহরুখ খান

ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬-এর হিসাবে, শাহরুখের মোট সম্পদের পরিমাণ এখন ১০ হাজার কোটি রুপি। তার পরে রয়েছেন অমিতাভ বচ্চন, সালমান খান ও হৃতিক রোশন।

গত বছরের তালিকায় শাহরুখ খান ও তার পরিবারের সম্পদের পরিমাণ ধরা হয়েছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। এক বছরের ব্যবধানে নতুন হিসাব অনুযায়ী তা কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি, অর্থাৎ প্রায় ২০ শতাংশ। তবে এই পতন সত্ত্বেও অভিনেতাদের তালিকায় তার অবস্থান বদলায়নি।

শাহরুখের সম্পদের হিসাব শুধু অভিনয় থেকে পাওয়া পারিশ্রমিকের ওপর নির্ভর করে না। তার ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। স্ত্রী গৌরী খানের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তিনি। চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবসার সঙ্গেও প্রতিষ্ঠানটি যুক্ত।

ক্রীড়া ব্যবসাতেও শাহরুখের বড় উপস্থিতি রয়েছে। নাইট রাইডার্স স্পোর্টসের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে, যার অধীনে কলকাতা নাইট রাইডার্সসহ বিভিন্ন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি রয়েছে। ফলে অভিনয়ের বাইরে বিনোদন ও ক্রীড়া—দুই ক্ষেত্রের ব্যবসাই তার সম্পদের গুরুত্বপূর্ণ ভিত্তি।