আবারও পরিচালনায় আরিয়ান খান

আবারও পরিচালনায় আরিয়ান খান

শাহরুখ-পুত্র আরিয়ান খানের পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল। ২০২৫ সালে মুক্তির পর আলোচনায় আসে সিরিজটি। এ বার সেই জনপ্রিয় সিরিজের দ্বিতীয় সিজন ঘিরে সামনে এল নতুন খবর। ২০২৭ সালে শুরু হতে পারে শুটিং।

বলিউডে অভিষেকেই নজর কেড়েছিলেন আরিয়ান খান। পরিচালনা এবং চিত্রনাট্য দুই দায়িত্বেই দেখা গিয়েছিল তাকে ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এ। প্রথম সিজনের সাফল্যের পর এ বার জোরালো হচ্ছে দ্বিতীয় সিজন তৈরির জল্পনা।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মার্চ মাসে শুরু হতে পারে দ্বিতীয় সিজনের শুটিং। যদিও নেটফ্লিক্সের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে প্রথম সিজনের বেশ কিছু জনপ্রিয় চরিত্রকেই দ্বিতীয় বার ফের দেখা যেতে পারে বলে জানা গেছে।

বিশেষ আকর্ষণ হিসেবে এবারও রাঘব জুয়ালের পারভেজ এবং ববি দেওলের অজয় তলওয়ার চরিত্র থাকতে পারে নতুন সিজনে। কিন্তু নতুন কোনও মুখ যোগ হচ্ছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’ ছিল আরিয়ান খানের পরিচালনা ও চিত্রনাট্য লেখার প্রথম কাজ। বিলাল সিদ্দীকী এবং মানব চৌহানের সঙ্গে যৌথ ভাবে চিত্রনাট্য লিখেছিলেন তিনি। সিরিজটি প্রযোজনা করে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’। প্রযোজনার দায়িত্বে ছিলেন গৌরী খান।

এদিকে, ২০২৫ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া প্রথম সিজনের শেষেও রাখা হয়েছিল বড়সড় টুইস্ট। ফলে দ্বিতীয় সিজনের গল্প কোন পথে এগোবে, তা নিয়ে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে। কিন্তু নতুন সিজনের গল্প, কাস্ট এবং শুটিংয়ের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি নেটফ্লিক্স।

সবঠিক থাকলে ২০২৭ সালে আবার বলিউডের অন্দরের গল্প নিয়ে পর্দায় ফিরতে পারেন আরিয়ান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *