হুমকি ধামকি না দিয়ে বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গুর লার্ভা ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও বিশেষ পরিচ্ছন্নতা উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘প্রতিদিন সপ্তাহে অন্তত একদিন সবাই মিলে যদি পরিচ্ছন্নতা অভিযানে নামি, তাহলে শহর পরিষ্কার থাকবে। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে পারব সবাই। ভবনের নিচে, পেছনে পানি, শ্যাওলা জমে থাকে, সগুলো পরিষ্কার রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘এলাকার মানুষ থেকে হকার সবাইকে সতর্ক করতে হবে, কোথাও যেন অপরিচ্ছন্ন না থাকে, পানি জমে না থাকে।’
বিএনপি কোনো খুচরা দল নয় উল্লেখ করে বিরোধী দলের উদ্দেশে আবদুস সালাম বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধে কারণে তেল আসতে পারে না, গ্যাসের কুপ খনন হয়নি ১৭ বছর। আপনারা (বিরোধী দল) একটু ধৈর্য ধরেন। আপনারা কি গণতন্ত্র ধ্বংস করতে চান? এমন কোনো কর্মসূচি দিয়েন না, যাতে জণগণ বিভ্রান্ত হয়। জনগণ পাঁচ বছর সময় দিয়েছে। অপেক্ষা করেন। হুমকি ধামকি দিয়েন না।’
তিনি বলেন, ‘যারা ষড়যন্ত্র করছে, তাদের আমরা চিনি। জনগণ কখনো বিভ্রান্ত হয়নি। সবসময় সঠিক রায় দিয়েছে। সঠিক রায় দিয়েই বিএনপিকে নির্বাচিত করেছে।’
ডেঙ্গু প্রতিরোধে বিরোধী দলকে পরিচ্ছন্নতা কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘বিরোধিতা না করে পরিচ্ছন্নতার জন্য কাজ করুন। নিজেদের মনকে পরিচ্ছন্ন করুন। জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ করবেন না।’




