ম্যানচেষ্টার সিটির শিরোপাগুলো কি কেড়ে নেয়া হবে?

ম্যানচেষ্টার সিটির শিরোপাগুলো কি কেড়ে নেয়া হবে?

শুনানি শুরুর দুই বছরেরও বেশি সময় পর প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আনা ১১৫টি অভিযোগের বিষয়ে একটি রায় দেওয়া হয়েছে। চার বছর ধরে তদন্ত চলার পর সিটির বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং অবশেষে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর শুনানি শুরু হয়।

বিবিসি স্পোর্ট বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে অ্যাথলেটিক জানিয়েছিল, প্রায় সব অভিযোগেই সিটিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে এই প্রক্রিয়া এখানেই শেষ হচ্ছে না, বরং শেষ হতে এখনও অনেক দেরি।

কিন্তু এর অর্থ সিটির শিরোপাগুলো কি কেড়ে নেয়া হবে? প্রিমিয়ার লিগে তাদের অবস্থার কী হবে? তারা কি আপিল করবে? আর এই দীর্ঘ ঘটনা শেষ হতে কত সময় লাগতে পারে?

১১৫টি অভিযোগ কী?

২০২৩ সালের ফেব্রুয়ারিতে সিটির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে আর্থিক নিয়ম লঙ্ঘনের বিষয়টি সংঘটিত হয়েছে বলে দাবি করে একটি স্বাধীন কমিশনের কাছে অভিযোগ পাঠানো হয়।

প্রিমিয়ার লিগের আর্থিক নিয়মসংক্রান্ত অভিযোগগুলো হলো:

৫৪টি অভিযোগ: ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত সঠিক আর্থিক তথ্য দিতে ব্যর্থ হওয়া।

১৪টি অভিযোগ: ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত খেলোয়াড় ও কোচদের পারিশ্রমিকের সঠিক তথ্য দিতে ব্যর্থ হওয়া।

৫টি অভিযোগ: ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ পর্যন্ত উয়েফার নিয়ম, যার মধ্যে আর্থিক ফেয়ার প্লে (এফএফপি) রয়েছে, মেনে চলতে ব্যর্থ হওয়া।

৭টি অভিযোগ: ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮ পর্যন্ত প্রিমিয়ার লিগের প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি রুলস (পিএসআর) ভঙ্গ করা।

৩৫টি অভিযোগ: ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রিমিয়ার লিগের তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হওয়া।

সিটি বরাবরই কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছে। বিবিসি স্পোর্টকে জানানো হয়েছে, দোষী সাব্যস্ত হলে তারা আপিল করবে।

ম্যানচেস্টার সিটি কী শাস্তি পেতে পারে?

রায়ের সঙ্গে সঙ্গেই শাস্তির ঘোষণা আসবে, এমনটা কখনোই প্রত্যাশা করা হয়নি। এখন স্বাধীন প্যানেল আনুষ্ঠানিকভাবে রায় প্রকাশ না করা পর্যন্ত শাস্তির বিষয়েও অপেক্ষা করতে হবে। মামলাটির শুনানি শেষে রায় দেওয়া প্যানেলে কারা ছিলেন, তা এখনও জানা যায়নি। লিখিত রায় প্রকাশিত হলেই সেটি জানা যাবে।

ডিসিপ্লিনারি কমিশনের সামনে বিভিন্ন ধরনের শাস্তির সুযোগ রয়েছে:

পয়েন্ট কেটে নেওয়া: তাৎক্ষণিকভাবে বা স্থগিতভাবে।

আর্থিক জরিমানা: তাৎক্ষণিকভাবে বা স্থগিতভাবে।

প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কার।

প্রিমিয়ার লিগ থেকে বহিষ্কার করা হলে সিটি তাদের সদস্যপদ হারাবে এবং মৌসুম শেষে নিচের কোনো ডিভিশনে অবনমিত হবে। অত্যন্ত বেশি পয়েন্ট কর্তনের মাধ্যমেও কার্যত তাদের অবনমন ঘটতে পারে।

কী বলা হয়েছে?

শুক্রবার বিবিসি স্পোর্টসের পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রিমিয়ার লিগ মামলাটি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। রায়ের খবর ফাঁস হয়ে যাওয়ায় সিটি হতাশা প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে। ক্লাবটি জানায়, প্রিমিয়ার লিগের প্রক্রিয়া এখনও চলমান এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনো সম্পন্ন হওয়া বাকি। একই সঙ্গে পুরো প্রক্রিয়াটি কঠোর গোপনীয়তার অধীনে রয়েছে।

সিটি আরও জানায়, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দেওয়া ক্লাবের বক্তব্যের সঙ্গে তাদের অবস্থান এখনও অপরিবর্তিত।

ক্লাবের বক্তব্য অনুযায়ী, তারা আট বছর ধরে যথাযথ আইনি প্রক্রিয়াকে সম্মান করেছে এবং আশা করেছে যে প্রিমিয়ার লিগের বোর্ড ও নির্বাহী বিভাগ পক্ষপাতহীন, স্বাধীন ও ন্যায়সঙ্গত নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে।