গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিআরইউ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, অপতথ্য, গুজব বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করতে চায় না। গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে।
ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের আইনের আওতায় আনতে হলে আদালতের অনুমতি নেয়ার যে প্রস্তাব সাংবাদিকরা দিয়েছেন, সেটি বিবেচনা করা হচ্ছে। অনেকে অপপ্রচার, অসত্য তথ্য প্রচার করে। তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে সরকার। টেলিভিশন সাংবাদিকদের একটি বেতন কাঠামোয় আনা উচিত। এটি নিয়ে কাজ চলছে, দ্রুততম সময়ে এ বিষয়ে সিদ্ধান্তে আসার চেষ্টা চলছে। সরকার এ বিষয়ে আন্তরিক।
