২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অরের জন্য ভোটগ্রহণ এরই মধ্যে হয়ে গেছে। ভোট দেওয়ার অধিকারপ্রাপ্ত সাংবাদিকরা তাদের পছন্দ জানিয়ে দিয়েছেন।ফ্রান্স ফুটবল নির্বাচিত প্রাথমিক ৩০ জনের তালিকা থেকে পছন্দ জানানোর সময়সীমা সোমবার (২৮ সেপ্টেম্বর) শেষ হয়েছে। এবারের প্রতিযোগিতা বিশেষভাবে আকর্ষণীয়, কারণ লড়াই এতটাই হাড্ডাহাড্ডি যে কোনো একজনকে পরিষ্কার ফেভারিট বলা যাচ্ছে না।
পুরুষদের ব্যালন ডি’অর বিজয়ী কীভাবে নির্বাচিত হন?
জুরির প্রত্যেক সদস্য তথা ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের প্রতিনিধিত্বকারী ১০০ জন সাংবাদিক যোগ্যতার ভিত্তিতে ১০ জন খেলোয়াড়কে ক্রমানুসারে বেছে নিতে বাধ্য ছিলেন। প্রথম থেকে দশম পর্যন্ত খেলোয়াড়দের যথাক্রমে ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট দেওয়া হয়।
নিয়ম অনুযায়ী, ভোট দেওয়ার সময় তিনটি বিষয় বিবেচনা করতে হয়:
* অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ;
* দলের পারফরম্যান্স ও অর্জন;
* খেলোয়াড়ের আচরণ, মর্যাদা ও ফেয়ার প্লে।
ব্যালন ডি’অরের ফেভারিট কে?
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবারের লড়াই সবচেয়ে উন্মুক্ত। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে প্রকাশ্যেই নিজেদের এই পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার হিসেবে তুলে ধরেছেন। জার্মানির সমর্থন রয়েছে হ্যারি কেইনের দিকে, গোলসংখ্যাই তার পক্ষে বড় যুক্তি। আর্জেন্টিনায় লিওনেল মেসিকে বেছে নেওয়া হচ্ছে, ৩৯ বছর বয়সেও তার অসাধারণ বিশ্বকাপ পারফরম্যান্সের কারণে।
ফ্রান্সে মনে করা হচ্ছে, প্যারিস সেন্ট-জার্মেইয়ের দুর্দান্ত মৌসুমের পর পুরস্কারটি ক্লাবটির কোনো একজন খেলোয়াড়ের পাওয়া উচিত। সম্ভাব্য নাম হিসেবে রয়েছে খভিচা কাভারৎসখেলিয়া, উসমান দেম্বেলে ও ফাবিয়ান রুইজ।
স্পেনের ক্ষেত্রে ফাবিয়ান ও লামিন, পাশাপাশি বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী রদ্রি, দেশটির অন্যতম বড় আশা তাদের মধ্যে কোনো একজনের হাতে পুরস্কার উঠতে পারে।
দেম্বেলের পর পুরুষদের নতুন ব্যালন ডি’অর বিজয়ী হওয়ার লড়াই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। শীর্ষস্থানীয় কয়েকজন খেলোয়াড় সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিজেদের পক্ষে জনমত তৈরিতেও সক্রিয় ছিলেন।
সব ধরনের প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু ভোটগ্রহণ এরই মধ্যে শেষ। বাকি শুধু ব্যালট গণনা। স্প্যানিশ গণমাধ্যম এএস জানিয়েছে, বাজির বাজারে এখনও কেইন এগিয়ে, এরপর রয়েছেন লামিন ইয়ামাল ও এমবাপ্পে। শীর্ষ পাঁচে তাদের পর রয়েছেন মেসি ও রদ্রি।
২০২৬ ব্যালন ডি’অর অনুষ্ঠান কবে ও কোথায়?
৭০তম ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর, লন্ডনের প্যালাডিয়ামে। অনুষ্ঠানে প্রায় ২,০০০ অতিথি উপস্থিত থাকবেন। একই সঙ্গে ১৯৫৬ সালে ব্যালন ডি’অরের প্রথম বিজয়ী, কিংবদন্তি ইংলিশ উইঙ্গার স্ট্যানলি ম্যাথিউজকে বিশেষভাবে স্মরণ করা হবে।
চলতি বছর বিশ্বের সেরা খেলোয়াড় কে, আর মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে আমরা সেই উত্তর পেয়ে যাব।
