ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘শিগগিরই জয়ী’ হবেঃ ট্রাম্প | Kontho

ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘শিগগিরই জয়ী’ হবেঃ ট্রাম্প

ইরানের যুদ্ধে যুক্তরাষ্ট্র 'শিগগিরই জয়ী' হবেঃ ট্রাম্প

ইরানের সাথে চলমান সংঘাতের অবসানে মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র শিগগিরই জয়ী হবে বলে মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধের দ্রুত সমাধান হবে এবং এতে যুক্তরাষ্ট্রেরই জয় হবে। আমরাই জিতব। পুরো বিষয়টি খুব দ্রুত সম্পন্ন হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিজয়ের মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটলে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সাত মাস ধরে চলা যুদ্ধের অবসাননের লক্ষ্যে সোমবার মার্কিন ও ইরানি কর্মকর্তারা পৃথকভাবে মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন।

একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ইরান যে প্রস্তাব উপস্থাপন করেছে পরবর্তী আলোচনাগুলো তার একটি সংশোধিত সংস্করণকে কেন্দ্র করে হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে সাত দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এ বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। তবে প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থানে কোনো পরিবর্তন আসেনি বলে জানান তিনি। হরমুজ প্রণালি পুনরায় চালুর শর্ত নিয়েই মূলত এই প্রস্তাব দেয়া হয়েছে।

এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি দাবি করেছেন, ইরানের শর্ত জানানো হলেও সিদ্ধান্ত নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ট্রাম্প এমন অবস্থায় পড়েছেন, যেখানে তিনি না পারছেন আলোচনা করতে, না পারছেন যুদ্ধ চালিয়ে যেতে।

অন্যদিকে আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে নতুন অস্ত্র তৈরির পাশাপাশি পুরোনো অস্ত্রের উন্নয়ন ও ব্যাপক উৎপাদন চালিয়ে যাচ্ছে ইরান। বিপ্লবী গার্ডের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত নতুন করে শুরু হলে ইরান তার নতুন অস্ত্রের সক্ষমতা প্রকাশ করবে।