সময়টা যেন ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরুদের ফুটবল ক্যারিয়ারের। ৪০ বছরে পা দেয়া ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবলকে বিদায় বলার সম্ভাবনা রয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ’কে দেয়া সাক্ষাৎকারে জিরুদ বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি মনে করি, খুব সম্ভবত এটাই আমার শেষ মৌসুম।’ ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছে প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন বলেও জানিয়েছেন তিনি।
ফ্রান্সের হয়ে ১৩৭ ম্যাচে জিরুদের গোল ৫৭টি। ২০১৮ সালে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েছিলেন। তবে চলতি বছর সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে।
ক্লাব ক্যারিয়ারেও জিরুদের সাফল্যের কমতি নেই। মন্টপেলিয়ে ও এসি মিলানের হয়ে লিগ জয়ের পাশাপাশি চেলসির হয়ে ২০২১ সালে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। আর্সেনালের হয়ে তিনবারসহ মোট চারটি এফএ কাপও রয়েছে তার ঝুলিতে।
