চীনের আকাশপথ ব্যবহারের অনুমতি চায় ভারত | Kontho

চীনের আকাশপথ ব্যবহারের অনুমতি চায় ভারত

চীনের আকাশপথ ব্যবহারের অনুমতি চায় ভারত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা থাকায় ইউরোপ ও পশ্চিমা দেশগুলোতে ফ্লাইট পরিচালনায় অনেক বেশি সময় ও অর্থ খরচ হচ্ছে ভারতের। এমন পরিস্থিতিতে বিকল্প রুট হিসেবে চীনের সিনকিয়াং প্রদেশের হোটান এলাকার আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়েছে নয়াদিল্লি। এরইমধ্যে বিষয়টি নিয়ে চীনের সঙ্গে আলোচনা করছে ভারত।

ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘আলোচনা চলছে, শেষ পর্যন্ত কী হয় তা দেখার বিষয়।’

২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাম হামলার দুই দিন পর ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। এর ছয় দিন পর ভারতও পাকিস্তানি উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে। এরপর থেকে ভারতীয় এয়ারলাইনগুলোকে পাকিস্তান এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে।

সর্বশেষ চলতি বছরের ১৬ সেপ্টেম্বরের নির্দেশনায় পাকিস্তান তাদের নিষেধাজ্ঞার মেয়াদ ২৪ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। এতে ফ্লাইট পরিচালনার সময় ও জ্বালানি খরচ উভয়ই বেড়েছে।