মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশি আটক | Kontho

মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশি ও ৩ ইন্দোনেশিয়ান-সহ সাতজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে দেশটির কেলান্তান রাজ্যের কাম্পুং সুঙ্গাই কেলাদি এলাকা থেকে পৃথক অভিযানে তাদের আটক করে স্থানীয় প্রশাসন।

প্রথম ঘটনাটি ঘটে রাত ১২টা ১৫ মিনিটের দিকে। মালয়েশিয়ান বর্ডার পার্টনারশিপ ফোর্স এবং মেরিটাইম মালয়েশিয়ার যৌথ টহল দল একটি সন্দেহভাজন একটি যান থামানোর চেষ্টা করলে গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে কাছেই একটি বাড়ির পাশে গাড়িটি থামলে অন্যান্য ব্যক্তিরা পালিয়ে গেলেও পেছনের সিট থেকে একজন ইন্দোনেশিয়ান পুরুষ ও দুজন নারীকে আটক করা হয়। তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট ছিল না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে শুরু করে সিঙ্গাপুর ও থাইল্যান্ড হয়ে অবৈধ জলপথে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন এবং এর জন্য একজন এজেন্টকে প্রায় ৬ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ টাকা) দিয়েছিলেন।

দ্বিতীয় ঘটনা ঘটে একই দিন রাত ১টা ৩০ মিনিটের দিকে একই গ্রামের একটি ঝোপঝাড়ের মধ্যে। সেখানে চারজন বাংলাদেশি পুরুষকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। যৌথ বাহিনীর উপস্থিত টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। তল্লাশিতে তিনজনের কাছে মালয়েশিয়ার প্রবেশাধিকারের বৈধ সিলবিহীন পাসপোর্ট পাওয়া যায় এবং বাকি একজনের কাছে কোনো বৈধ পরিচয়পত্র ছিল না।

তদন্তে জানা গেছে, আটক ৩২ থেকে ৪২ বছর বয়সি বাংলাদেশিরা আগে মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস করলেও তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এর আগে ওভার-স্টে করার কারণে জরিমানার সম্মুখীন হওয়া এবং তাদের পাসপোর্ট কালো তালিকাভুক্ত থাকায় তারা পুনরায় থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য এজেন্টকে জনপ্রতি প্রায় ৫ হাজার রিঙ্গিত করে দিয়েছিলেন। আটককৃতদের পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য কোটা ভারু জেলা পুলিশ সদর দপ্তরে হস্তান্তর করা হয়েছে এবং ১৯৫৯/১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি) অনুযায়ী তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।