জ্বালানি তেলের বাড়তি ২০ টাকার চাপ সামলাতে গণপরিবহনের ভাড়া বেড়েছে কিলোমিটার প্রতি ১৭ পয়সা। তবে সেই ভাড়ার তালিকা মানছেন না মহানগরীর বাস মালিকরা। সর্বনিম্ন ৫ টাকা থেকে ১০ টাকা করে বেশি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তারা।
রাজধানীর বিভিন্ন রুটের মহানগরের বাস যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, কিলোমিটার প্রতি ১ থেকে ২ টাকা বেশি ভাড়া দিচ্ছেন তারা। যদিও কেউ কেউ জানান, আগের ভাড়াই নেয়া হয়েছে তাদের কাছ থেকে।
সিফাত নামে চাকরিজীবী বলেন, ‘আগে বিশ্বরোড থেকে শাহবাগ যেতে ৩০ টাকা দেয়া লাগতো। কিন্তু কয়েকদিন ধরে ৪০ টাকা নিচ্ছে।’
রফিকুজ্জামান নামে এক ব্যাংক কর্মচারী বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়া থেকে বেশি নিচ্ছে বাসে। মিরপুর ১০ থেকে যমুনা ফিউচার পার্ক যাতায়াতে আগে দিতে হতো ২৫ টাকা। আর বর্তমানে কখনো ৩০ টাকা নিচ্ছে আবার কখনো ৩৫ টাকাও দাবি করছে। এভাবে ভাড়া নিতে থাকলে আমরা চলবো কীভাবে।’
তবে শাহীন নামে এক যুবক বলেন, ‘সরকার ভাড়া বাড়ালেও আমার থেকে আগের ভাড়াই রাখছে দেলাম।’
এদিকে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, মালিকপক্ষ থেকেই সর্বনিম্ন ৫ টাকা করে ভাড়া বেশি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে তাদেরকে।
তবে সরকার নির্ধারিত ভাড়া আদায়ের কথা জানিয়েছেন উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাস যাত্রীরা।
অন্যদিকে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে বাসের পাশাপাশি বেড়েছে লঞ্চ ভাড়াও। প্রতি কিলোমিটারে ২০-২৩ পয়সা বাড়তি ভাড়া গুনতে হচ্ছে লঞ্চযাত্রীদের।
Reply
